ফিরহাদ হাকিম এর সই জাল, গ্রেফতার সরকারি কর্মী

খোদ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে চাকরি দিতে গিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি । তিন লক্ষ টাকা দিলেই মিলবে সরকারি চাকরি, এই প্রলোভনে পা দিয়ে ঠকতে হয়েছে চাকরিপ্রার্থী যুবককেও । বৃহস্পতিবার অভিযুক্ত প্রভাকর নায়েককে গ্রেফতার করে পুলিশ ।

জানা গিয়েছে, সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সই করা নিয়োগপত্র নিয়ে আলিপুর জেল মিউজিয়ামে যান এক যুবক । কিন্তু যুবকের সঙ্গে থাকা নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের । সেটি খতিয়ে দেখার পর সরাসরি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করেন আলিপুর জেল কর্তৃপক্ষ । এমন নিয়োগপত্র দেওয়ার কথা অস্বীকার করেন মন্ত্রী নিজেও । বিষয়টি খতিয়ে দেখার জন্য আলিপুর থানাকে অনুরোধ করেন তিনি ।

এরপরেই তদন্তে নামে কলকাতা পুলিশ । জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়োগপত্রটি দেখে তাঁদের ভুয়ো বলে মনে হয়েছে । পুলিশি তদন্তেও প্রমাণিত হয় যে, নিয়োগপত্রটি ভুয়ো । চাকরিপ্রার্থী যুবকের সূত্রে জানা যায়, তিন লক্ষ টাকার বিনিময়ে তাঁকে নিয়োগপত্রটি দিয়েছিলেন প্রভাকর নায়েক নামের এক ব্যক্তি । জানা যায়, তিনি ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী ।

এরপরেই বৃহস্পতিবার রাতে অভিযুক্ত প্রভাকর নায়েককে গ্রেফতার করে পুলিশ । আলিপুর আদালত অভিযুক্তকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে । এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube