উলুবেড়িয়ার গড়চুমুক পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে দামোদরের চর । এবার অভিযোগ উঠছে সেই চর দখল করে বিক্রি করার । নদীর চরেই চলছে পাঁচিল দেওয়ার কাজ । অভিযোগের তির খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর বিরুদ্ধে ।
গড়চুমুক পর্যটন কেন্দ্রের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর । এতদিন সেই চর দখল করে কৃষিকাজ হলেও দখলে থাকা সেই জমি এবার বিক্রির অভিযোগ উঠছে খোদ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা দীপক দাসের বিরুদ্ধে। অভিযোগ আনা হয়েছে, দামোদর নদের চরের দখলদার ছিলেন স্থানীয় বাসিন্দা পরিমল মন্ডল । তিনি সেই নদীর চর বিক্রি করেন শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃনমুল নেতা দীপক দাসকে । জানা যাচ্ছে, সেই চর দীপক দাস একটি ইট ভাটার মালিককে বিক্রি করেছেন ।
চরের প্রায় ১৬ কাঠা জমি এভাবে টাকার বিনিময়ে হাত বদল হয়ে চলছে পাঁচিল দেওয়ার কাজ । দামোদরের চর পাঁচিল দিয়ে ঘেরার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএলআরও (BLRO) দফতরের আধিকারিকরা । তারা সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে জানিয়ে দেন এই জমিটি দামোদরের চরই । অবৈধভাবে সেখানে কাজ করা হচ্ছিল । যারা এইভাবে পাঁচিল দিচ্ছিলেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় এদিন ।
যদিও চর বিক্রির অভিযোগ অস্বীকার করে দীপক দাসের দাবি, জমি বিক্রি না, জমি হস্তান্তর হয়েছে । সেই সময় তিনি উপস্থিত থাকার কারণে হয়তো তার নাম উঠেছে । যদিও একজন কর্মাধ্যক্ষ সরকারি জমি হস্তান্তরে কিভাবে থাকতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠছে । যদিও এই প্রশ্নে তাঁর পাল্টা দাবি, যখন ওই জমি হস্তান্তর হয় সেই সময় তিনি কর্মাধ্যক্ষ ছিলেন না ।
পুরো ঘটনায় বিজেপি, কংগ্রেস অর্থাৎ বিরোধীরা তৃনমুলের এই কুকীর্তির দিকেই আঙুল তুলেছে । এই বিষয়ে শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নদেবাসি জানা জানান, তার এই বিষয়টি জানা ছিল না । তিনি বিষয়টি খতিয়ে দেখে বিডিও ও বিএলআরওকে ব্যবস্থা নেওয়ার কথা বলবেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

