ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে পরোক্ষভাবে বৃষ্টি হবে বাংলায়? আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহে । কার্যত শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরেই রয়েছে ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি গভীর নিম্নচাপ । কাল রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ । রবিবার এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম । নামকরণ করেছে মায়ানমার । আপাতত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ । রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর এই সিস্টেম শুধু উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে বলেই জানা যাচ্ছে । এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড় ।
মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে । আবহাওয়াবিদদের অনুমান অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে । সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে; সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ হতে পারে বলে জানা যায় ।
দক্ষিণবঙ্গ আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে । সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে । মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ।
অন্যদিকে জানা যাচ্ছে, আপাতত আংশিক মেঘলা আকাশ থাকবে । রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে । শুধুমাত্র সকাল এবং সন্ধ্যেতে শীতের আমেজ বজায় থাকবে । কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে তাপমাত্রা । পশ্চিমের জেলায় শীতের আমেজ অপেক্ষাকৃত বেশি থাকবে বলেই সূত্রের খবর ।
উত্তরবঙ্গে আগামী তিন চার দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে । ডিসেম্বরের শুরুতেও হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায় । উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ থাকবে । পাশাপাশি শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন । উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলিতে এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে । পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানা গিয়েছে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
কলকাতায় আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার থেকে ফের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে । বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায় । শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা । শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে; বাড়বে রাতের তাপমাত্রা । সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা বাড়বে । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি ছিল । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশ ছিল ।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি করা হল সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা । একইভাবে দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে । তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ; অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আর উড়িষ্যা উপকূলে সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

