।। স্বর্ণালী মান্না ।।
স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । যদিও এদিন সিবিআইয়ের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন । তবে এদিন শর্তসাপেক্ষ জামিনে মুক্ত হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরব কান্তের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষ জামিন দেয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে । জানা যায়, নিয়োগ দুর্নীতির তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে । পাশাপাশি নিম্ন আদালতে তাঁকে জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট । একই সঙ্গে তাঁর বিধাননগর কমিশনারেট ও পার্ক স্ট্রীট এলাকায় প্রবেশ করায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ।
এদিন আদালতে প্রশ্নের মুখে পড়ে যায় সিবিআইয়ের ভূমিকা । আদালতের পর্যবেক্ষণে প্রশ্ন ওঠে, ১৪ মাস অতিক্রান্ত হয়ে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন বিচারপ্রক্রিয়া শুরু করতে পারেনি? এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট আরও জানায়, কল্যাণময় এতদিন ধরে তদন্তে সহযোগিতা করে গিয়েছেন । উপরন্তু তদন্তকারী সংস্থা নিজেদের তদন্ত এখনও শেষ করতে পারেনি । এমন পরিস্থিতিতেই তাঁকে বুধবার জামিন দেওয়া হয় ।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে কল্যাণময় জেল বন্দী রয়েছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, অযোগ্যদের সুপারিশ পাঠানো হত তাঁকে । পরবর্তীতে সেই অযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে দিতেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

