সংস্থার হাই মাস্ট আলোয় আমন ধানের ফলন কমেছে; দেওয়া হচ্ছে না শ্রমিকদের ন্যায্য মজুরি, দেওয়া হচ্ছে না কাজ । মঙ্গলবার এমনই কিছু অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বাসুদেবপুরে বেসরকারি কয়লা উত্তোলক সংস্থার নির্মাণের কাজ আটকে বিক্ষোভে সামিল হলেন একাধিক অঞ্চলের এলাকাবাসীরা ।
মঙ্গলবার সকাল থেকে এই ঘটনার জেরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কাঁকসার বাসুদেবপুরে । পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর, ফরিদপুর ও কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । কাঁকসার বাসুদেবপুর, বিনোদপুর, নয়াকাঞ্চনপুর এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বৈদ্যনাথপুর, কৈলাসপুর সহ বেশ কিছু গ্রামের কয়েকশো জমি দাতারা বেসরকারি কয়লা উত্তোলক সংস্থার নির্মাণের কাজ আটকে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় । বেশ কয়েকটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় কাঁচামাল যোগানের লক্ষ্যে কাঁকসার বাসুদেবপুর ও দুর্গাপুর, ফরিদপুরের, বৈদ্যনাথপুর সংলগ্ন এলাকায় গড়ে উঠছে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা ।
জমিদাতারা অভিযোগ তোলেন, জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই সংস্থা । এছাড়াও এলাকায় একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও তাঁদের দাবি । ধান চাষের জমির পাশে হাই মাস্ট লাইটও লাগানো হয়েছে বলে খবর । স্থানীয়রা জানাচ্ছেন, রাতে সেই আলো জমিতে পড়লে ধানের শীষ বের হতে সমস্যা হচ্ছে । যার জেরে, কমছে আমন ধানের ফলন । এই সঙ্গে এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে বলেও অভিযোগ করছেন তাঁরা ।
সংস্থা তাঁদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করাতে স্থানীয়রা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেছেন বলেও জানান । দ্রুত তাঁদের দাবি মানা না হলে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন তাঁরা । সংস্থার সহ-সভাপতি দীপক সাউ দাবি করেন, এলাকাবাসীর প্রতিশ্রুতি পূরণের পরেই তারা বেসরকারি কয়লা উত্তোলক সংস্থার নির্মাণের কাজ শুরু করেছেন । পাশাপাশি তিনি আরও জানান, উৎপাদনের আগেই কাজে বাধার ঘটনায় চরম সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁদের । তবে এলাকাবাসীদের এখনও যেসব দাবি রয়েছে সেই দাবিগুলিও পূরণ করা হবে বলে আশ্বাস দেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

