রবিবার গভীর রাতে হাওড়া আদালত চত্বরের তিনটি দোকানে হঠাৎ আগুন লাগে । দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন । দোকানগুলি হাওড়া রেজিস্ট্রি অফিসের পাশে থাকায় রেজিস্ট্রি অফিসের মধ্যেও আগুন ছড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন । এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ।
এদিনের অগ্নিকাণ্ডের জেরে রেজিস্ট্রি অফিসের ভেতরে বেশ কিছু পুরনো কাগজ এবং জেরক্স মেশিন পুড়ে ছাই হয়ে যায় । জানা গিয়েছে হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা প্রথম এই আগুন দেখেন । স্থানীয় দোকানদাররা সঙ্গে সঙ্গে খবর দেন হাওড়া থানায় । পরবর্তীতে, পুলিশ খবর দেয় দমকলে । ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন । দমকল কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি অনলাইনের দোকানে আগুন লাগে । সেই দোকান থেকে আগুন পাশের লস্যির দোকানে এবং পরবর্তীতে অন্য একটি জেরক্সের দোকানে ছড়িয়ে পড়ে । দু’টি দোকান পুড়ে ছাই হয়ে যায় । একটি দোকানের অর্ধেক অংশ পুড়ে যায় । আগুন রেজিস্ট্রি অফিসেও ছড়িয়ে পড়ে বলে জানা যায় । এই ঘটনায় হাওড়া আদালতের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন ।
অফিসের রেজিস্ট্রার সুশান্ত মন্ডল জানান, বাইরে আগুন লাগলেও অফিসের ভেতরে সেভাবে আগুন লাগেনি; একটি জেরক্স মেশিন এবং বেশ কিছু পুরনো কাগজ পুড়েছে বলে দাবি করেন তিনি । তবে দমকলের কর্মীরা জল ঢালার ফলে বেশ কিছু কাগজ ভিজে গিয়েছে বলেও তিনি জানান । সেগুলি শুকানোর বন্দোবস্তও করা হয়েছে বলেও খবর । পাশাপাশি জমির কাগজপত্র ৮৫ শতাংশ ডিজিটাইজড করা হয়েছে বলে তিনি দাবি করেন ।
সোমবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি বলেন, আদালত চত্বরে দোকানগুলিতে বৈদ্যুতিক সংযোগ যেমন তেমন ভাবে করা হয়েছে । ফলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বিপদ ঘটে থাকে । তবে এই রেজিস্ট্রি অফিস এক ঐতিহাসিক ভবন । এখানে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের জমি রেজিস্ট্রি করার জন্য এসেছিলেন । শহরের বাসিন্দাদের জমির গুরুত্বপূর্ণ দলিল এখানে জমা আছে । তবে সেই সব গুরুত্বপূর্ণ কাগজপত্রের কোন ক্ষতি হয়নি বলেও জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

