গত এক বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটা বেড়েছে তা জানতে ফের সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু করতে চলেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। আগামী সোমবার থেকেই সুন্দরবনের গভীর জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তোলার কাজ শুরু করবেন বনকর্মীরা। সেই ক্যামেরায় ওঠা ছবি বিচার বিশ্লেষণ করে বর্তমানে সুন্দরবনের জঙ্গলে বাঘের সঠিক সংখ্যা কত তা জানা যাবে। কিভাবে জঙ্গলে ক্যামেরা বসাতে হবে, ক্যামেরার সামনে বাঘকে আকৃষ্ট করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এই সব বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সজনেখালিতে। এই কর্মশালায় ৫০ জন বনকর্মী অংশগ্রহণ করেছিলেন।
গত বছর সারা ভারত জুড়ে বাঘের সংখ্যা নির্ণয় করা হয়েছিল অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের মধ্য দিয়ে। সেই হিসেব অনুযায়ী সুন্দরবনে ১০১ টি বাঘ রয়েছে বলে জানা গিয়েছিল। প্রতি চার বছর অন্তর এই সারা দেশের বাঘ সুমারি হয়ে থাকে। তবে প্রতিবছর সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে বাঘেদের সংখ্যা নির্ধারণের কাজ চলে। এবারও সেই কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই। বন দফতর জানিয়েছে এবার জঙ্গলের মধ্যে মোট ৭৩২ টি জায়গা চিহ্নিত করা হয়েছে ক্যামেরা বসানোর জন্য। প্রতি জায়গাতে দুটি করে মোট ১৪৬৪ টি ইনফ্রা রে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হবে বাঘেদের ছবি তোলার জন্য। আগামী সোমবার থেকে এই ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। ঠিক ত্রিশ থেকে ৩৫ দিন বাদে জঙ্গল থেকে ক্যামেরা খোলা হবে। সেই ক্যামেরায় ওঠা ছবি বিচার বিশ্লেষণ করেই সুন্দরবনে বাঘেদের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে।
বিগত কয়েক বছর ধরেই সুন্দরবনে বাঘেদের দেখা বারে বারে পাচ্ছেন সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা। গত কয়েক বছরে বাঘেদের সংখ্যাও বেশ কিছু বৃদ্ধি পেয়েছে তা গত বাঘ সুমারির রিপোর্ট থেকেই পরিস্কার। এবারও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগ এলাকায় যে বাঘ গননার কাজ শুরু হতে চলেছে তার ফলও যথেষ্ট ভালো হবে বলেই আশাবাদী বন আধিকারিকরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

