গত কয়েকদিন ধরে নানা টানাপোড়েন চলেছে জয়নগরের এই দলুয়াখাকি গ্রামে । একের পর এক রাজনৈতিক দলের নেতৃত্বকে আটকে দেওয়া হয়েছে গ্রামের অনেক আগেই । অবশেষে হাইকোর্টের নির্দেশে গ্রামে ত্রাণ নিয়ে প্রবেশ করার অনুমতি মিলল । বৃহস্পতিবার সিপিএম ও বিজেপি ত্রাণ নিয়ে পৌঁছল জয়নগরের দলুয়াখাকি গ্রামে
ঘটনার দশ দিন পরে, বৃহস্পতিবার সকালে প্রথমে সিপিএমের একটি প্রতিনিধি দল গ্রামে প্রবেশ করে ত্রাণ নিয়ে । ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ঘর তৈরির জন্য বাঁশ, টিন থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় বস্তু । এদিন ত্রাণ সামগ্রী তাঁরা তুলে দেন গ্রামবাসীদের হাতে । সেই প্রতিনিধিদের মধ্যে ছিলেন সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলী, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মত সিপিএম নেতৃত্ব । যদিও সিপিএমের প্রতিনিধি দল গ্রামে প্রবেশ করার মুখে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন এদিনও । পাঁচজনের বেশি মানুষ গ্রামে প্রবেশ করতে পারবেন না বলে পুলিশের তরফ থেকে জানানো হলে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে । শেষ পর্যন্ত সিপিএমের তরফ থেকে ত্রাণ নিয়ে গ্রামে প্রবেশ করা হয় ।
এরপর দুপুর দু’টো নাগাদ গ্রামে এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনিও গ্রামবাসীদের জন্য ত্রাণ নিয়ে আসেন । ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আর্থিক সাহায্য করা হয় গ্রামবাসীদের । এদিন গ্রামের মানুষের পাশে থাকার বার্তাও দেন তিনি । গ্রামে যারা অসুস্থ রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি ধৃতদের জামিনের ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী । একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এই গ্রামের মানুষ বিরোধী দল করেন বলেই পরিকল্পিতভাবে গ্রামের উপরে হামলা চালানো হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

