মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এক ব্যক্তির মৃতদেহ ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি । বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । কীভাবে মারা গেলেন ওই ব্যক্তি? কে বা কারা ওই ব্যক্তিকে ফেলে গেলেন স্বাস্থ্য কেন্দ্রের সামনে, তা নিয়েই হচ্ছে জলঘোলা । ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মিনারুল ইসলামে । সূত্রের খবর, এদিন হরিহরপাড়ার থানার অন্তর্গত চোঁয়া গ্রামের বাসিন্দা মিনারুল ইসলামের মৃতদেহ রেখে চম্পট দিল একটি চারচাকা গাড়ি । গাড়িতে ছিলেন চালক সহ আরও এক অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি । তবে কে বা কারা এই মৃতদেহ রেখে গেল সেই নিয়ে উঠছে প্রশ্ন ।
মৃতের পরিবার এদিনের ঘটনাকে খুন বলেই দাবি করছেন, কারণ বেশ কিছু মাস আগে মিনারুলের ছেলে এক নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায় । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে মেয়ের বাড়ির লোক মিনারুলকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বলেও দাবি করেছেন তাঁরা । এমনকি একটি মামলাও চলছিল তাঁদের নামে । ফলে দীর্ঘদিন ধরে ঘর ছাড়া ছিলেন মিনারুলের পরিবার ।
এদিনের ঘটনায় আরও জানা যায়, মিনারুল পেশায় ছিলেন গাড়ির চালক । ফলে তাঁকে বাইরেই বেশি সময় কাটাতে হত । পুলিশও প্রাথমিক ভাবে এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে । চিকিৎসকের প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃত্যু হয়েছে । মিনারুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনার তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

