দুর্গাপুজোর মাস থেকে আচমকাই এক ধাক্কায় শ্রমিকদের বেতন কমিয়ে দেওয়া হল ২ হাজার টাকা । বেতন কমার কারণ জানতে গেলে বিভাগীয় দফতরের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে বুধবার বিক্ষোভে শামিল হলেন হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের এস্টেট ডিপার্টমেন্টের শ্রমিকরা ।
এদিনের ঘটনায় হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের এস্টেট ডিপার্টমেন্টের আওতাভুক্ত ঠিকা শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাস পর্যন্ত ৯৪১৬ টাকা হাতে পেতেন তাঁরা । তবে এবছরের অক্টোবর মাসের বেতন বাবদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৭৫০১ টাকা পাঠানো হয় ।পাশাপাশি তাদের অভিযোগ, হঠাৎ কম বেতন পাওয়ার কারণ জানতে চাইলে কোন সদুত্তর পাচ্ছেন না তাঁরা । বুধবারও একই প্রশ্নের উত্তর জানতে গেলে আধিকারিকদের সঙ্গে তুমুল বাকবিতন্ডা শুরু হয় শ্রমিকদের ।
এর পরেই শ্রমিকরা হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টেের( HIT ) দফতরের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন । শ্রমিকদের দাবি, একদিকে তাদের এতদিন যে বেতন দেওয়া হত তা কর্তৃপক্ষকে দিতে হবে । সেই সঙ্গে বেতন কেন কম দেওয়া হল তার প্রকৃত কারণও দর্শাতে হবে ।
উল্লেখ্য, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে সম্রতি HIT এখন KMDA-র সঙ্গে যুক্ত হয়েছে। যার কারণে বর্তমানে হাওড়ার এই দফতরে কোন চেয়ারম্যান, বা সিইও নেই । সবকাজই KMDA-র তত্বাবধানে হচ্ছে । এই প্রসঙ্গে বিভাগীয় দফতরের আধিকারিকের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তিনি কোন বিষয়েই কিছু বলতে পারবেন না বা জানাবেন না ।
ওয়াকিবহাল মহলের প্রশ্ন, হাওড়া উন্নয়ন সংস্থার মতো বিশালাকার অফিস এবং শতশত কর্মচারী, শ্রমিক নিয়ে বিভিন্ন দফতর থাকলেও শ্রমিকদের সুবিধা অসুবিধার বিষয়ে কিংবা নাগরিকদের কোন বিষয়ে প্রয়োজন হলে তারা কার কাছে যাবেন?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

