দশ দিন পর অবশেষে আশার আলো দেখা যাচ্ছে সিলকিয়ারার সুড়ঙ্গে । জোর কদমে চলছে ড্রিলিংয়ের কাজ । ইতিমধ্যেই ৩২ মিটার পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছে । উদ্ধারকারী দলের আশা, এভাবে যন্ত্র এগোতে থাকলে, শীঘ্রই দিনের আলো দেখবেন আটকে পড়া একচল্লিশ জন শ্রমিক।
মঙ্গলবারই ছিল উদ্ধারকাজের দশম দিন । ওই দিন অবশেষে সিলকিয়ারার সুড়ঙ্গে প্রবেশ করেছিল এন্ডোস্কোপিক ক্যামেরা । ভূগর্ভে যে একচল্লিশ জন শ্রমিক এখনও সুস্থ, দেখেছিল গোটা দেশ । স্বস্তি পেয়েছিল আটকে পড়া শ্রমিকদের পরিবারও । তবে কবে তাঁদের অন্ধকার থেকে ফের আলোয় ফেরানো সম্ভব হবে, সেটা এখনও নিশ্চিত করে বলতে পারছে না স্থানীয় প্রশাসন । যদিও মাল্টি এজেন্সির সাহায্যে যে উদ্ধারকাজ চলছে, সেই দলের আধিকারিকদের দাবি, এবার তাঁরা পঞ্চমুখী পরিকল্পনা নিয়েছেন । যাতে অনেকটাই সফল হয়েছেন তাঁরা । কারণ বুধবার থেকে শুরু হয়েছে আড়াআড়ি ভাবে সুড়ঙ্গে ড্রিল করার কাজ । তার জন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছে বিশেষ খনন যন্ত্র ।
ইতিমধ্যেই বারকোটের দিক থেকে ওই সুড়ঙ্গের মধ্যে ৩২ মিটারের বেশি অংশে ড্রিল করার কাজও শেষ হয়ে গিয়েছে । এমন ভাবে এই সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, যাতে ওই গর্ত দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষকে বের করে আনা যায় । এই কাজে নেতৃত্ব দিচ্ছেন একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক । উত্তরকাশির পুলিশ সুপার অর্পণ যোদুবংশি জানিয়েছেন, যেভাবে খননকার্য এগোচ্ছে, তাতে তাঁরা প্রবল আশাবাদী যে দ্রুত সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যাবে ।
পাশাপাশি পরিস্থিতির গুরুত্ব বুঝে, সিলকিয়ারায় সুড়ঙ্গের মুখে মোতায়েন করা হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স । গোটা বিষয়ে টেলিফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ঘটনাস্থলে যান জেলাশাসক তথা প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে । আপাতত পাইপের সাহায্যে পাতাল পথে শ্রমিকদের কাছে পাঠানো হচ্ছে খাবার । সোমবারই সিল্কিয়ারার সুড়ঙ্গের মুখ পর্যন্ত রাস্তা পরিষ্কারের কাজ শেষ করেছে বর্ডার রোডস অর্গানাইজেশনের সদস্যরা । তারপরই উদ্ধারে আরও গতি আসে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

