।। স্বর্ণালী মান্না ।।
বেহাল রাস্তার কারণে গ্রামে ঢুকতে চায়নি অ্যাম্বুল্যান্স । অগত্যা অসুস্থ রোগীকে খাটিয়ায় চাপিয়েই হাসপাতালে নিয়ে ছুটলেন তাঁর পরিবার । ওড়িশার কালাহাণ্ডির পর এবার মালদহের বামনগলা; শুক্রবার ধরা পড়ল সেই একই ছবি । এমনকি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে যায় সেই ভিডিও । তারপরেই ওঠে নিন্দার ঝড় ।
বেশ কয়েকদিন ধরেই গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে । ফলে গ্রাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অ্যাম্বুল্যান্স চালক । কোনও বিকল্প ব্যবস্থা না পাওয়ায় বাঁশে বাঁধা খাটিয়াতে চাপিয়ে রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন পরিবারের সদস্যরা । গন্তব্য ছিল গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের মোদীপুকুরের সরকারি হাসপাতাল । তবে এত কিছু করেও শেষ রক্ষা করা গেল না । হাসপাতালে পৌঁছতেও পারলেন না রোগী । পথেই মৃত্যু হল বছর ১৯ -এর মামনি রায় নামের গৃহবধূর । মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙা গ্রামের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই মর্মান্তিক ঘটনার ভিডিও (যার সত্যতা যাচাই করেনি নিউজ টাইম) । দেখা যায় সেই খাটিয়া বাঁশে বেঁধে ঘাড়ে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন রোগীর পরিবার । তবে এই গোটা ঘটনায় বিজেপির উত্তর মালদহের সহ সভাপতি তথা প্রাক্তন জেলাপরিষদ সদস্য বীণা কীর্তনিয়া সরব হয়েছেন রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ । তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন তাঁর পরিবারের সদস্যরা । তবে খারাপ রাস্তার জেরে গ্রামে ঢুকতেই চাইলেন না অ্যাম্বুল্যান্সের চালক । খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হল তাঁর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

