ক্রমশ শক্তি বাড়ছে নিম্নচাপের । আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সারাদিন থাকবে মেঘলা আকাশ । যার জেরে রাতের তাপমাত্রা বাড়লেও কমবে দিনের তাপমাত্রা । বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উপকূলের তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । উপকূল সংলগ্ন চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ।
খারাপ আবহাওার জন্য আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা যারা করা হয়েছে । উপকূলে ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টার গতি বেগে চলবে ঝোড়ো হাওয়া । অন্যদিকে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে প্রায় সকলেরই । জানা যাচ্ছে, কলকাতায় বেলা যত বাড়বে বৃষ্টির সম্ভাবনা ততোই বাড়বে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদদের ।
গভীর নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে । যা এখন উত্তর দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছেছে । পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে । এরপর ‘রিকার্ভ’ বা দিশা পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে; যা আগামিকাল সকালে ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে । উপকূল বরাবর বাংলাদেশের দিকেও এটির অগ্রসর হওয়ার কথা । তবে শনিবার সন্ধ্যের দিকে বাংলাদেশের সুন্দরবন এলাকা হয়ে তা বরিশালের অভিমুখে যাবে বলে জানা যাচ্ছে ।
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে হাওয়া বদল হতে পারে । উপকূলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা দেখা দিচ্ছে । বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে রাজ্যের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত ।
নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের উদ্দেশ্যে দেওয়া হয় সতর্কবার্তা । তাঁদেরকে ১৫ নভেম্বর বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে ।পাশাপাশি ১৬ থেকে ১৮ নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে । ১৬ ই নভেম্বর সকালের দিকে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইবে । বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে । ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতে ।
বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেি জানিয়েছে আবহাওয়া দফতর । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে ।
অন্যদিকে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে । আবার শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ।
উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কৃষকদের জন্যও জারি করা হয়েছে সতর্কবার্তা । পাশাপাশি দেওয়া হয়েছে ধান কেটে নেওয়ার পরামর্শ । নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর আলু চাষের পরামর্শও দিয়েছেন আবহাওয়াবিদরা ।
কলকাতায় বাড়তে চলেছে রাতের তাপমাত্রা; তবে মেঘলা আকাশে কমবে দিনের তাপমাত্রা । আজ দুপুর থেকে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । অন্যদিকে জানা যাচ্ছে রাত যত বাড়বে ততই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ । শুক্রবার মেঘলা আকাশ ও দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে । হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও । কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি ছিল । গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৪৬ থেকে ৯০ শতাংশ ।
ভিন রাজ্যে পুবালী হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে । মঙ্গলবার থেকে নতুন করে বৃষ্টি হতে পারে কেরালা, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে । বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলেও । নিম্নচাপের প্রভাবে ওড়িশাতেও বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

