।। স্বর্ণালী মান্না ।।
প্রশাসনের রোষে ফের বাধাপ্রাপ্ত সংস্কৃতি । কল্যাণীর পর এবার নবদ্বীপে বাধাপ্রাপ্ত হল চাকদহ নাট্যজনের নাটক । বুকিং বাতিল করে দেওয়া হল দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় উৎপল দত্তের নাটক ‘ব্যারিকেড’-এর । আগামী ২৩ জানুয়ারি মঞ্চস্থ হওয়ার পরিকল্পনা করা হয়েছিল এই নাটকটির । তার আগেই মঙ্গলবার নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে বাতিল করা হয় এই নাটকের বুকিং ।
চৈতন্য ভবনে মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও নবদ্বীপ পুরসভার নির্দেশে বাতিল করা হল বুকিং । এই ঘটনায় পৌরসভার কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি । তবে সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সময় বইমেলা আয়োজিত হয় । তাই সরকারি অনুষ্ঠানের জন্য চৈতন্য ভবনের প্রয়োজন পড়তে পারে, এমনটা আশঙ্কা করেই এই নাটকের বুকিং বাতিল করা হয়ে থাকতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।
তবে এদিনের ঘটনায়, বিভিন্ন মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে । এর কারণ কল্যাণী পুরসভার ঋত্বিক সদনে এর আগেও দেবেশ চট্টোপাধ্যায়ের একটি নাটোক মঞ্চস্থ হওয়ার কথা ছিল । সেটিও কার্যত বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয় । অভিযোগ ওঠে সংগ্রামী যৌথ মঞ্চে ‘জগাখিচুড়ি’ নাটকটি করার ফলেই এহেন আচরণ করা হয় তাঁদের সাথে । জানা যায়, বুকিংয়ের ঠিক একদিন আগে মেইল মারফত তাঁদের জানিয়ে দেওয়া হয় বুকিং বাতিল করার কথা । তাঁদের অভিযোগ আন্দোলনরত সরকারি কর্মীদের পাশে দাঁড়ানোর ফলেই প্রশাসনের রোষের শিকার হন তাঁরা । প্রশ্ন উঠছে, তাহলে প্রশাসনের রোষে কি ‘ব্যারিকেড’ এর মুখে পড়ছে সংস্কৃতি ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

