এতদিন সাইবার প্রতারণার শিকার হয়ে এসেছেন সাধারণ মানুষ । এবার সেই তালিকায় নাম যোগ হল বিরোধী দলের বিধায়কের । জেপি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে করা হল আর্থিক প্রতারণা । এই ঘটনায় গ্রেফতার করা হল প্রতারণা চক্রের পাণ্ডা সহ আরও দুই অভিযুক্তকে । ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার তাঁদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে করা হল সাইবার প্রতারণা । উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছ থেকে হাতিয়ে নেওয়া হল ২ লক্ষ ২০ হাজার টাকা । এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোনু সিং ও অর্জুন প্রজাপতি । পুলিশের প্রাথমিক অনুমান এই প্রতারণা চক্রের পাণ্ডা হলেন সোনু সিং । ইতিমধ্যে তাদের কাছ থেকে একাধিক নথি ও মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের ২০ তারিখে জেপি নাড্ডার নাম করে বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছে একটি ফোন আসে । রাজস্থানে একটি অনুষ্ঠানের জন্য তাঁকে টাকা পাঠাতে বলা হয় । সেই মত বিধায়ক পরের দিনই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা পাঠান । কিছু দিন পর বিধায়ক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন ।
পরবর্তীতে এপ্রিল মাসের ১৩ তারিখে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে গুজরাটের মরবি থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

