বেহাল দশায় পড়ে রয়েছে কিষাণ মান্ডি, সুবিধা পাচ্ছেন না কৃষকরা

কৃষকদের সুবিধার্থে কিষাণ মান্ডি তৈরির পরিকল্পনা করেছিল রাজ্য সরকার ৷ জেলায় জেলায় তৈরিও হয়েছিল অনেক কিষাণ মান্ডি ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মান্ডিগুলি হারিয়েছে জনপ্রিয়তা ৷ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ও পটাশপুরের কিষাণ মান্ডিগুলির অবস্থা খুবই শোচনীয় ।

একাধিক জেলায় বেহাল দশায় পড়ে রয়েছে কিষাণ মান্ডিগুলি । কোথাও কিষাণ মান্ডির ফলক ভেঙে ঝুলছে কোথাও আবার ফলক ভেঙে উড়ে গিয়েছে । ভিতরে একের পর এক দোকান বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । কিষাণ মান্ডির ভেতরের চারিদিক ভরে গিয়েছে আগাছার জঙ্গলে ৷ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, গ্লাস সহ জলের বোতলও । আবার কোথাও কিছু কিষাণ মান্ডি দখলে চলে গিয়েছে ইমারত কারবারীদের ।

কিষাণ মান্ডির ভেতরে বিভিন্ন পন্য সামগ্রীর পাশাপাশি আশ্রয় হয়েছে বড় ট্রাক, ট্র্যাক্টর ও বিভিন্ন নির্মাণ সামগ্রীর । বেশিরভাগ বিল্ডিংয়ের দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল । বিল্ডিংয়ের ছাদ ও দেওয়াল থেকে চাঁঙর খুলে পড়ছে । কোথাও কোথাও ভেঙে গিয়েছে বিল্ডিংয়ের চাতাল । বোঝাই যাচ্ছে রক্ষণাবেক্ষণের খুবই অভাব ।

এই সব কিষাণ মান্ডিগুলিতে দেখা মেলে না কৃষকদের ৷ কিছু কিষাণ মান্ডিগুলিতে গোডাউন ছাড়া কিছুই নেই । অনেক কৃষকরা মান্ডিতে ধান বিক্রি করতে চান না । ধান বিক্রি নিয়েও দুর্নীতির অভিযোগ তুলছেন তাঁরা । তাঁদের অভিযোগ, দূরদূরান্ত থেকে ধান নিয়ে এলেও সঙ্গে সঙ্গে ধান বিক্রি করতে পারেন না তাঁরা । তাই বাধ্য হয়ে কম দামে ফড়েদের কাছে ধান বিক্রি করতে হয় তাঁদের । আবার সেই ধান ফড়েরা চাষি সেজে মান্ডিতে বিক্রি করেন বলেও দাবি তাঁদের । তারপর ধান নিয়ে গেলে কুইন্টাল পিছু অনেক ধান কেটে নেওয়া হয় । তাই তাঁরা মান্ডিতে ধান দিতে চান না । তবে শুধু ধান নয়, কোন সবজিই এই কিষাণ মান্ডিতে নিয়ে আসে না কৃষকরা ।

অন্যদিকে, এক কৃষকের অভিযোগ, তিনি সবজি নিয়ে গিয়ে কিষাণ মান্ডিতে বসেছিলেন, কিন্তু তার সেই সবজি কেউ নেননি; কাউকেই দেখতে পাননি তিনি । তাই তিনি আর সবজি নিয়ে যান না কিষাণ মান্ডিতে । কৃষাণ মান্ডি হয়ে উঠেছে মদের আখড়া ।

অনেক ছোট ব্যবসায়ীদের মতে, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এইগুলো গড়ে তুলতে পারলে সেগুলোতে স্থায়ীভাবে তাঁরা ব্যবসা করার সুযোগ পেতেন । কারণ, ফুটপাতে তাদের বিভিন্ন ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয় । ফলে এরকম জায়গা তাঁরা পেলে ভালোভাবে ব্যবসা করতে পারতেন । অপরিকল্পিত ভাবে, বা সঠিক জায়গায় তৈরি না করায় মান্ডিগুলি দিয়ে চাষিদের কোনও লাভ হয়নি বলে অভিযোগ করছেন কৃষকরা ।

এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । তাদের দাবি, এগুলি সরকারি অর্থের অপব্যয় ৷ মূলত যেসব এলাকায় কিষাণ মান্ডি গড়ে তোলা হচ্ছে, সেই জায়গাগুলি লোকালয় থেকে অনেক দূরে । ফলে এই সব জায়গায় ব্যবসা করতে হলে কৃষকদের সমস্যায় পড়তে হবে । কিষাণ মান্ডিগুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে । অবিলম্বে কিষাণ মান্ডি কৃষকদের জন্য নতুন করে সাজিয়ে তোলা হোক । এই বিষয়ে মহকুমা কৃষি আধিকারিক ও ব্লক কৃষি আধিকারিকেব সঙ্গে যোগাযোগ করলে তারা কোন রকম প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube