দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার পর আদালতের নির্দেশে সোমবার থেকে শুরু হল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং । সোমবার সকাল ৯ টা থেকে সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের নবনির্মিত হলে কাউন্সেলিং শুরু হয় ।
এদিন দু’টি ধাপে এই প্রক্রিয়া চলবে দুপুর ২টো পর্যন্ত । এদিন অ্যারাবিক এবং পিওর সায়েন্স সাবজেক্টের জন্য ৩০০ জন প্রার্থীকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে । আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাউন্সেলিং প্রক্রিয়া । এদিন সকাল ৯টা থেকে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিল্ডিংয়ের সামনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ভিড় লক্ষ্য করা যায় । লাইনে দাঁড়ানো চাকরিপ্রার্থীদের এক এক করে ওয়েটিং রুমে নিয়ে আসা হয় । এরপরই প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ভেরিফিকেশন টেবিলে ডাকা হয় বলে খবর । কাউন্সেলিং চলাকালীন স্কুলের শূন্যপদ সংক্রান্ত তথ্য জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে । ওয়েটিং রুম থেকে প্রার্থীদের মূল কাউন্সেলিংয়ের ঘরে নিয়ে যাওয়া হয় ।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, সোমবার থেকে প্রার্থীরা শুধুমাত্র নিজেদের স্কুল পছন্দ করতে পারবেন এবং তাঁদের সেই অনুযায়ী সম্মতিপত্র দেওয়া হবে । তবে সুপারিশপত্র দেওয়ার অনুমতি এখনও আদালত দেয়নি । আদালত সেই অনুমতি দেওয়ার পরেই এসএসসি কতৃপক্ষ সুপারিশপত্র দেওয়ার সিদ্ধান্ত নেবে । প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় ওয়েটিং লিস্টের প্রার্থী মিলিয়ে মোট ১৩,৩৩৪ জন রয়েছেন । মেধা তালিকায় অন্তর্ভুক্ত ৯,০০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং শুরু হল সোমবার থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

