মঙ্গলবারের মধ্যে পারদ নামবে বেশ কিছুটা । ফলে শীতের আমেজ ফিরবে রাজ্যে । একই সঙ্গে হাওয়া বদল হতে চলেছে রাজ্যে । পুবালী হাওয়ার পরিবর্তে রাজ্যে আস্তে চলেছে উত্তর-পশ্চিমের হাওয়া । বেশিরভাগ জেলাতেই থাকবে পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা । হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আরও বেশ কিছুদিন ।
বঙ্গোপসাগরে বা আমাদের রাজ্যের সংলগ্ন উত্তরবঙ্গপ্রসাগরে কোন সিস্টেম এই মুহূর্তে নেই । ঘূর্নাবর্ত রয়েছে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় । এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে যা পরবর্তীকালে ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে । নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ।
দক্ষিণবঙ্গে কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যাবে আগামী তিন দিনের মধ্যে । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে । এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় । কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে ।
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে । ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে । উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোন জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন । ক্রমশ শুকনো বাতাসের পরিমাণ বাড়বে; একই সঙ্গে কমবে জলীয় বাষ্প । উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে । ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে ।
কলকাতায় পূবালী বাতাসের পরিবর্তে বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া । মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে বলেই খবর । সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ । মূলত থাকবে পরিষ্কার আকাশ । আজ থেকে হাওয়া বদল শুরু হবে; কমবে তাপমাত্রা ।
কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে ২৩.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯২ শতাংশ ছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

