ক্যানিংয়ে এক সারমেয়কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । অভিযোগ উঠছে, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কুকুরটিকে । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানবেরিয়া গ্রামে ।
ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় সারমেয়টিকে । এই ঘটনায় শুক্রবার রাতেই এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সারমেয়র মালিক পূজা মণ্ডল ও প্রদীপ মণ্ডল । পুলিশ মৃত কুকুরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নিজেদের বাড়িতে একটি কুকুর পুষছেন প্রদীপ ও পূজা । পাড়ায় অপরিচিত লোকজন অথবা সন্দেহজনক লোকজন প্রবেশ করলেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ডাকতে থাকে প্রাণীটি ।
প্রদীপ ও পূজার অভিযোগ, প্রতিবেশী রামকৃষ্ণ সর্দারের বাড়িতে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে জুয়ার ঠেক বসে; বাইরে থেকে অপরিচিত লোকজন সেখানে আসেন । নানা ধরনের সমাজ বিরোধী লোকজনের আনাগোনা হওয়ায় ওই কুকুরটি ডাকাডাকি শুরু করে । আর সেই কারনেই বাঁশ দিয়ে পিটিয়ে, দাঁ দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কুকুরটিকে । বিষয়টি জানতে পেরে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন পূজা ও প্রদীপ । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

