।। স্বর্ণালী মান্না ।।
ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করা হচ্ছে তাঁকে । এমনই অভিযোগ এনে বৃহস্পতিবারের এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন সাংসদ মহুয়া মৈত্র । এথিক্স কমিটির বৈঠকে বাঁধল তুলকালাম ।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল । সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য শোনার জন্য আয়োজন করা হয়েছিল এথিক্স কমিটির বৈঠকের । সেই বৈঠককে কেন্দ্র করে তাঁর অভিযোগ, ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করা হচ্ছে তাঁকে । ওই একই অভিযোগে অন্যান্য বিরোধী সাংসদরাও বেরিয়ে আসেন বৈঠক থেকে । তাঁরাও তুলছেন ওই একই অভিযোগ । এথিক্স কমিটির বৈঠকে প্রশ্নের ধরন নিয়ে তীব্র প্রতিবাদ জানান মহুয়া সহ একাধিক সাংসদ ।
সূত্র মারফত জানা যাচ্ছে এদিনের বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয় দর্শন হীরানন্দানিকে সংসদের ‘লগ ইন আইডি’ বা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল কি না ? একই সঙ্গে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় বিদেশ থেকে তা ব্যবহার করে ‘লগ ইন’ করা হয়েছিল কি না?
পাশাপাশি এদিন সাংসদের কাছ থেকে জানতে চাওয়া হয় তিনি কার সাথে বিদেশ সফরে গিয়েছিলেন, কোন হোটেলে ছিলেন তিনি । একজন মহিলা সাংসদকে ব্যক্তিগতভাবে বিড়ম্বনায় ফেলা হচ্ছে বলে এদিন ওয়াক আউট করেন তাঁরা ।
অন্যদিকে এথিক্স কমিটির চেয়ারম্যানের বক্তব্য, কোনও প্রশ্নের সদুত্তরই দিতে পারেননি মহুয়া । এবং সেই বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য পাল্টা অপমান করেছেন এথিক্স কমিটির চেয়ারম্যান সহ একাধিক সদস্যদেরকে । একই সঙ্গে এথিক্স কমিটির আরও অভিযোগ সাংসদ অসংসদীয় ভাষায় আক্রমণ করেছেন তাঁদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

