রেশন বন্টন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে ।
বৃহস্পতিবার সাত সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি । প্রায় ২১ ঘন্টা ম্যারাথন জেরা চলে । তদন্তে অসহযোগিতা, তথ্য গোপন করার অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হলেন শুক্রবার ভোরে । জানা যাচ্ছে, ২০২০-২২ সালে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে এফআইআর করলেও খাদ্য দফতর থেকে কোনও তদন্তের নির্দেশ দেওয়া হয়নি । পাশাপাশি অভিযোগ ওঠে সব জেনেও তৎকালীন খাদ্যমন্ত্রী চুপ করে ছিলেন; এই বিষয়ে তিনি কোনও পদক্ষেপই নেননি । এই কারণে তাকে খাদ্য দফতর থেকে বন দফতরের দায়িত্ব দেওয়া হয় ।
সুত্রের খবর, প্রায় দু’ কোটি ভুয়ো রেশন কার্ডের সন্ধান পায় ইডি আধিকারিকরা । ২০১১-২২ পর্যন্ত ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে রেশন পাচার হয়েছিল বাংলাদেশ ও নেপালে । সব মিলিয়ে প্রায় ৩৫০০ কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে বলে ইডির দাবি । বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠতা থাকা সত্বেও ইডি আধিকারিকদের প্রশ্নে মন্ত্রী বাকিবুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করতে থাকেন । গতকাল রাতে জ্যোতিপ্রিয় মল্লিক নিরাপত্তা রক্ষী বাড়ির বাইরে অপেক্ষারত অনুগামীদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রে খবর ।
একই সঙ্গে জানা যাচ্ছে, কোভিডের সময় কেন্দ্রীয় সরকারের পাঠানো রেশন সাধারণ মানুষ না পেলেও তার কোনও হদিস মিলছিল না । অভিযোগ ওঠে, সমস্ত রেশন বাইরে খোলা বাজারে বিক্রি হয়ে গিয়েছে । বাকিবুর ছাড়াও আরও বেশ কিছু চালকল মালিকের সঙ্গেও এই দুর্নীতির যোগ আছে বলে ইডি সূত্রে খবর । বাকিবুরের ভাগ্নে আনিসুর রহমান ওরফে বিদেশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে সুত্রের দাবি ।
জানা যাচ্ছে, সম্প্রতি দীঘায় বিলাসবহুল একটি হোটেল খুলেছে এই বিদেশ; যার ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার অভিনেতা দেব । অভিষেক ব্যানার্জী ঘনিষ্ঠ এই বিদেশকে প্রকাশ্যে অভিষেক নব জোয়ার যাত্রায় ডেকে নেন যার ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে । এছাড়াও প্রমোদ আগরওয়াল, ওয়েষ্ট বেঙ্গল চাল কল মালিক সমিতির সম্পাদক মালেকের নাম উঠে এসেছে এই ঘটনায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

