চলো ভুবনেশ্বর, পুজোর মরসুমে লালহলুদে এখন এটাই স্লোগান । ১৩ দিন পর আবার শুরু হচ্ছে আইএসএল । আর বিরতির পর প্রথম দিনই মাঠে নামছে ইস্টবেঙ্গল । এবার অনেক সংগঠিত এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল । তবে এই ম্যাচটি যদিও হোম ম্যাচ, কিন্তু কলকাতায় খেলার সুযোগ পাচ্ছে না তাঁরা । পুজোর মধ্যে যুবভারতীতে পুলিশি নিরাপত্তা পাওয়া যাবে না । তাই ভুবনেশ্বরে গিয়েই হোম ম্যাচ খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে ।
বৃহস্পতিবার নিজেদের মাঠে চুড়ান্ত প্রস্তুতি সেরে নিল লালহলুদ ব্রিগেড । শুক্রবার দুপুরে ভুবনেশ্বর উড়ে যাবে দল । তার আগে কুয়াদ্রাত জানিয়ে দিলেন, তাঁর দলের খেলায় ক্রমশ উন্নতি হচ্ছে । ধাপে ধাপে এগোতে চান তিনি । ভাবছেন প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে । একই সুর ফুটবলার নাওরেম মহেশের গলায় ।
ভুবনেশ্বর যাওয়ার আগে নিজের উদ্বেগের কথা জানিয়ে যাচ্ছেন লালহলুদের হেড কোচ । এবার অনেক ম্যাচেই ভুল রেফারিংয়ের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে, এমনই দাবি তাঁর । বিশেষত বেঙ্গালুরু ম্যাচে তাঁদের বিরুদ্ধে যে বিতর্কিত পেনাল্টি দেওয়া হয় তাতে বেশ ক্ষুব্ধ কুয়াদ্রাত । একই সঙ্গে ভবিষ্যতেও এমন হওয়ার আশঙ্কায় আশঙ্কিত তিনি । কেন ইস্টবেঙ্গলকে বারবার ভুগতে হবে এই প্রশ্ন তুলেই দলবল নিয়ে ভুবনেশ্বর যাচ্ছেন স্প্যানিশ কোচ ।
লালহলুদের নতুন বিদেশি হিজাজি মাহের । দলের সঙ্গে ভুবনেশ্বর যাচ্ছেন । কিন্তু গোয়ার বিরুদ্ধে লালহলুদ জার্সিতে তাঁর অভিষেক হচ্ছে কি? প্রথম একাদশে খেলার সম্ভাবনা নেই, তবে কোচ কুয়াদ্রাত যা ইঙ্গিত দিয়ে গেলেন, তাতে পরের দিকে তাঁকে কিছুক্ষণের জন্য নামানো হতে পারে । স্টপার জর্ডন এলসের পরিবর্তন হিসেবে এসেছেন জর্ডনের এই ডিফেন্ডার । তাঁকে দলের সঙ্গে দ্রুত ফিট করে নেওয়া যেমন কুয়াদ্রাতের চ্যালেঞ্জ, তেমনই হিজাজিকেও দ্রুত মানিয়ে নিতে হবে । গোয়া ম্যাচে কিছুটা ইঙ্গিত পাওয়া যেতে পারে । কুয়াদ্রাত অবশ্য তাঁকে খেলানোর ব্যাপারে ইঙ্গিত দিলেও স্পষ্ট করে কিছু জানিয়ে যাচ্ছেন না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

