।। গৌতম রায় ।।
আপাতত বিরতি ইন্ডিয়ান সুপার লিগের । ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য অনেক ফুটবলারই দেশে ফিরছেন । যোগ দিচ্ছেন জাতীয় শিবিরে । তাই আপাতত বন্ধ থাকছে আইএসএল । আবার শুরু হবে ২১ অক্টোবর । সেদিন ইস্টবেঙ্গল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে ।
প্রত্যাশিতভাবেই এই পর্বে সবচেয়ে বেশি ছাপ রেখে গেল মোহনবাগান সুপার জায়ান্ট । এবার এএফসি কাপের লক্ষ্যে অনেক ভাল দল গড়েছে সবুজ মেরুন । ইউরো কাপের ফুটবলার থেকে বিশ্বকাপার – নিয়ে এসেছে অনেককেই । তাই এবার মোহনবাগানকে নিয়ে আকাশ্চুম্বি প্রত্যাশা । এখনও পর্যন্ত প্রত্যাশা মেটানোর প্রতিশ্রুতি রেখেছে ফেরান্দোর দল । লিগ টেবিলের সবার উপরে রয়েছেন তাঁরা । তিন ম্যাচের সব কটিতেই জিতে রয়েছে নয় পয়েন্টে । খেলছেও দাপটের সঙ্গে । সবুজ মেরুন সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন তাঁদের প্রিয় দলকে নিয়ে ।
ইস্টবেঙ্গল তিন ম্যাচে একটি জয়, একটি ড্র ও একটি হেরে রয়েছে সাত নম্বরে । এটা দেখে হয়ত বোঝা যাচ্ছে টেবিলে ছবি বদলায়নি লালহলুদের , কিন্তু ছবিটা একেবারে সে রকম নয় । কারণ খেলায় অনেকটাই বদলে গিয়েছে কুয়াদ্রাতের দল । এবার তুলনামূলকভাবে অনেকটা ভাল দল গড়েছে । ডুরান্ডে ভাল পারফরম্যান্স করেছে । প্রথম ডার্বিটা জিতেও ছিল । তারপর থেকে আইএসএলের বিরতি পর্যন্ত ইস্টবেঙ্গল যে ফুটবল খেলেছে, তাতে অন্তত গত কয়েক বছরের তুলনায় অনেক ভাল ফল করার প্রতিশ্রুতি আছে । সহজ সুযোগ নষ্ট করে হয়ত হারতে হয়েছে, কিন্তু খেলাটা বদলে গিয়েছে । তাই দীর্ঘ মেয়াদি লিগে এবার হয়ত লালহলুদ অতটা হতাশাজনক জায়গায় শেষ করবে না ।
টেবিলের দু’নম্বরে আছে মুম্বই সিটি এফসি । তিন ম্যাচে সাত পয়েন্ট । কয়েকজন ফুটবলার দল ছেড়েছেন বটে, মুম্বই কিন্তু বদলায়নি । একই রকম মসৃণ ফুটবল খেলে চলেছে । তাই এবারও মূল লড়াইটা মোহনবাগান ও মুম্বইয়ের মধ্যেই হতে চলেছে । এবং এফসি গোয়া । এবার বেশ ঝকঝকে । দু’ম্যাচের দু’টিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন নম্বরে । মোহনবাগান ও মুম্বইয়ের মধ্যে এবার ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই গোয়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

