।। স্বর্ণালী মান্না ।।
এক বছরের মধ্যে এই নিয়ে দু’জন পড়ুয়ার মৃত্যু হল আইআইটি খড়গপুরে । আবারও সেই পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দেশের বিশিষ্ট এই শিক্ষা প্রতিষ্ঠানে । বুধবার ভোর বেলায় হোস্টেলের একটি ঘর থেকে উদ্ধার করা হল ভিনরাজ্যের এক ছাত্রের ঝুলন্ত দেহ । এদিনের ঘটনায় জানা গিয়েছে মৃত ছাত্র তেলেঙ্গানার বাসিন্দা ।
তেলেঙ্গানার মেরাকে তুপরান গ্রামের বাসিন্দা ও আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র কিরণ চন্দ্র । বুধবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় হোস্টেলের ঘরে । এলবিএস হলের ৩১৫ নম্বর ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অস্বভাবিক খুনের মামলা রুজু করা হয়েছে বলে সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে । খবর পাঠানো হয়েছে মৃত ছাত্রের পরিবারকেও । ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যরা খড়গপুরে এসে পৌঁছেছেন বলেও জানা গিয়েছে । তবে এখনও পর্যন্ত মৃত্যুর কারণ বোঝা যায়নি । মৃতদেহের ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । তবে কী কারণে এই ছাত্রের মৃত্যু ঘটেছে; নেপথ্যে আত্মহত্যা না কি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।
কয়েক মাস আগে র্যাগিংয়ের জেরে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছেইল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন শিক্ষা প্রতিষ্ঠান । এমনকি জুন মাসেই আরেক ভিনরাজ্যের ছাত্রের মৃত্যুতেও নাম জড়িয়েছিল আইআইটি খড়গপুরের । একের পর এক ছাত্র মৃত্যু ক্রমশ প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে পড়ুয়াদের নিরাপত্তা । শিক্ষা প্রতিষ্ঠানগুলির দায়িত্ব কি শিক্ষাদানেই শেষ? প্রশ্ন থেকেই যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

