অ্যাকাউন্ট খুললেই অ্যাকাউন্টে মিলবে ছয় হাজার টাকা । অবশ্যই এই অ্যাকাউন্ট হতে হবে পোস্টঅফিসের । এমনই এক গুজব গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে । তাই দিনের পর দিন রাত জেগে গ্রামগঞ্জের মহিলারা পোষ্টঅফিসের সামনে হত্তে দিয়ে পড়ে থাকছেন অ্যাকাউন্ট খোলবার জন্য । লাইনে জায়গা ধরতে সারা রাত কেউ রাস্তার উপরেই কাটাচ্ছেন, কেউ আবার কোন বন্ধ দোকানের বারান্দায় পড়ে থাকছেন ।
এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অবস্থিত হেডপোষ্টঅফিসের সামনের । সন্ধ্যে হতেই জেলার গঙ্গারামপুর, তপন সহ দূর দূরান্তের গ্রামগুলি থেকে দল বেঁধে মহিলারা এসে রাতভর পোস্ট অফিসের সামনে লাইন দিয়ে পড়ে থাকছেন । এলাকায় গুজব রটে গিয়েছে, যাঁদের শ্রমিক কার্ড রয়েছে তাঁরা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্টে কেন্দ্র সরকার ৬০০০ টাকা দিবেন ।
গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়া এই কথা শুনেই টাকা পাওয়ার আশায় বালুরঘাটে হেড পোস্ট অফিসে এসে ভিড় জমাচ্ছেন মহিলারা । রাতভর তাঁরা নিদারুন অসহায় অবস্থায় কাটিয়ে দিনের বেলা অ্যাকাউন্ট খুলে তবেই বাড়ি ফিরছেন । অত্যাধিক ভিড়ের কারণে যারা বিকেল পাঁচটার মধ্যে কাউন্টার পর্যন্ত লাইনে পৌঁছতে পারছেন না, তাঁরা রাত জেগে ফের পরদিনের অপেক্ষায় পড়ে থাকছেন । আদতেও সেই টাকা ঢুকবে কি ঢুকবে না, বা ঢুকলেও তা কবে ঢুকবে তা কিন্তু মহিলাদের কেউই বলতে পারছেন না ।
তবে এ ব্যাপারে এলাকার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছেন যে পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর এরকম কোন ঘোষণা কেন্দ্র সরকারের তরফে করা হয়নি । এই ধরনের গুজবে কান দিয়ে কেউ যেন পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে রাত জেগে লাইন না দেন এমন বার্তাও দিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

