আজও সাত নদীর জল দিয়ে স্নান করানো হয় পতিরাম জমিদার বাড়ির দেবী দুর্গার। সাড়ে তিনশোরও বেশি বছর ধরে একই নিয়মে দেবীর বোধন পর্ব সম্পন্ন করা হয়। প্রতিবছর আত্মীয়স্বজনরা বিভিন্ন তীর্থক্ষেত্রে বেড়াতে গিয়ে সেখানকার নদীর জল সংগ্রহ করে আনেন । দুর্গাপুজোয় আত্রেয়ী, পুনর্ভবা, টাঙন ও গঙ্গা সহ সাতটি নদীর সেই জলেই দেবী স্নান হয়ে আসছে ।

প্রাচীন দুর্গা পূজাগুলির অন্যতম দক্ষিণ দিনাজপুরের পতিরামের ঘোষবাড়ির পুজো । অবিভক্ত দিনাজপুরের পতিরাম এলাকার জমিদার প্রয়াত রামসুন্দর ঘোষের পিতা প্রথম এই পূজোর প্রতিষ্ঠা করেছিলেন । প্রথমাবস্থায় টিনের একটি চালা ঘরে এই পূজা হয়ে আসলেও পরবর্তীতে মণ্ডপটি পাকা করা হয়েছে ।

একটা সময় পতিরাম ও তার আশপাশের এলাকার মধ্যে একমাত্র এই জমিদার বাড়িতেই দুর্গাপূজা হতো। অতীতে পূজার দিনগুলিতে চন্ডী গানের আসর বসতো । ঘোষবাড়ির পুজোতে কোনো অন্নভোগ হয় না । বদলে নাড়ু, লুচি, পরমান্ন ও ক্ষীর ভোগ দেওয়া হয় ।
আজও পাশেই অবস্থিত পরিবারের নিজস্ব পুকুরেই দশমীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে থাকে। আজও এলাকার মানুষ পূজার চারটে দিন ঘোষ বাড়ির প্রাচীন মণ্ডপে গিয়ে ভিড় জমান ও অষ্টমীর অঞ্জলীও সেখানেই দেন । একটা সময় অষ্টমীতে মহিষ ও ছাগ বলি হলেও প্রয়াত জমিদার রামসুন্দর ঘোষের পরবর্তী বংশধররা তা তুলে দিয়েছেন। সাড়ে তিনশোরও বেশি বছরের প্রাচীন পতিরামের জমিদার ঘোষ পরিবারের পূজোকে ঘিরে এলাকার মানুষের উদ্দীপনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

