পুজোর মুখে ফের কর্মবিরতির ডাক দিলেন বহরমপুর পৌরসভার সাফাই কর্মীরা । শনিবার মহালয়ার সকালে নিজেদের কাজ বন্ধ রেখে পৌরসভা চত্ত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পৌরসভার অধীনে কর্মরত প্রায় ২ হাজার সাফাই কর্মী ।
এদিন তাদের অভিযোগ, বছর দুয়েক আগে তাদের পুজোর বোনাস দেওয়া হতো ৪৮০০ টাকা। এবছর সেটা বেড়ে ৫৩০০ টাকা হওয়ার কথা থাকলেও এবছর তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে মাত্র ১৫০০ টাকা । মূলত এই জায়গা থেকেই তাদের ক্ষোভ: আগাম কেন তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই সামান্য টাকায় কিভাবেই বা চলবে তাদের সংসার ।
অন্যদিকে তাঁদের আরও অভিযোগ , সাফাই কর্মীদের মানুষ বলে গণ্য করে না বহরমপুর পৌরসভা কর্তৃপক্ষ । এদিন এমনটাই অভিযোগ আনলেন ক্ষুব্ধ সাফাই কর্মীরা । এমনকি নিজেদের অভাব, সমস্যা বা প্রয়োজনের কথা জানাতে গেলে তাদের কাজ থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় পৌরসভা কর্তৃপক্ষের তরফ থেকে বলে তাঁদের অভিযোগ । বলা বাহুল্য- বিগত দিনে অর্থাৎ করোনা কালেও তাদের নিরাপত্তার জন্য কোন সদর্থক ভুমিকা পালন করতে দেখা যায়নি বহরমপুর পৌরসভা কর্তৃপক্ষের তরফ থেকে ।
রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যারা রাতদিন শহরবাসীকে পরিষেবা দেয় এই পৌরসভার পক্ষ থেকে, তাদের প্রতি লাগাতার এই বঞ্চনা আর মানতে পারছেন না তারা । তাদের বক্তব্য, বাড়তি কোন দাবি নয়, পৌর কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া প্রতিশ্রুতি রাখা হলে তৎক্ষনাৎ তারা নিজেদের কাজ শুরু করবেন । অন্যথায় পুজোর মুখে অনির্দিষ্ট কালের জন্য চলবে তাদের কর্মবিরতি, এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী সাফাই কর্মীরা।
অন্যদিকে এই বিষয়ে জানতে চাওয়া হলে পৌরসভার এক কাউন্সিলর জানিয়েছেন, বিগত দিনে তারা অনেক বেশি পুজোর বোনাস পেয়েছেন । তবে এই বছর পৌরসভার আয় কমে যাওয়ার কারণে এতো সংখ্যক কর্মী সেই পরিমাণ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

