বাংলার অন্যতম প্রাচীন জনপদ জয়নগর । আর এই জয়নগর ও আশপাশের এলাকায় জমিদারির পত্তন করেছিলেন অন্নদাপ্রসাদ মিত্র । সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ এই মিত্র পরিবারের গৃহবধূ ভুবনমোহিনী দাসি স্বপ্নাদেশ পান মা দুর্গার। মিত্রবাড়িতে মা দুর্গার পুজো করতে হবে বলে সেই স্বপ্নাদেশে জানানো হয় । সেই থেকেই জয়নগরের এই মিত্রবাড়িতে পুজো শুরু হয় মা দুর্গার। বিগত চারশো বছরের বেশি সময় ধরেই টানা চলছে সেই দুর্গাপুজো।

পুজো শুরুর পর থেকে এখনও কোনদিন এই পুজোতে ছেদ পড়েনি । বর্তমানে মিত্রদের বংশধররা পুজোটা করছেন । তবে আগের মতো জৌলুশ আর নেই এখন । পরিবারের সকলে কাজের জন্য বিভিন্ন প্রান্তে থাকেন । তাছাড়া আর্থিক অসচ্ছলতার কারণেও পুজোর জৌলুশে কিছুটা খামতি হয়েছে । তবে জৌলুশ কমলেও এখনও বনেদিয়ানায় শ্রেষ্ঠত্বের দাবি রাখেন জয়নগরের এই মিত্ররা ।

কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রতি বছর পুজোর সূচনা হয় এই মিত্র বাড়িতে । পঞ্চমীতে অধিবাস থেকে শুরু হয় পুজো । এক সময় পুজোয় প্রতিদিনই মহিষ বলি হত । পরে মোট ন’টা পাঠা বলি হত । তবে এখন মাত্র দুটো বা তিনটে পাঠা বলি হয় । এই বাড়ির পুজোতে কোন অন্ন ভোগ হয় না । পরিবর্তে লুচি বা শুধুমাত্র ফল, মিষ্টির ভোগ হয় । বংশ পরম্পরায় মৃৎ শিল্পীরা বাড়ির প্রতিমা গড়ে আসছেন এখানে ।
বর্তমানে এই মিত্রবাড়ির বংশধররা কর্মসূত্রে অনেকেই বাইরে থাকেন। কিন্তু পুজোর ক’টা দিন সকলেই উপস্থিত হন এই জয়নগরে । সেখানে এসে একসাথে থাকা, খাওয়া, পুজো দেখা, ভোগ খাওয়ায় অংশ নেন তাঁরা । বিসর্জনে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির মহিলারা । সব মিলিয়ে এখনও এই পুজো তাঁদের বনেদিয়ানা ও আভিজাত্যের অন্যতম নিদর্শন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

