ক্যানসারকে জয় করে মাঠে ফিরলেন রোহিত

।। গৌতম রায় ।।

তিনি বীর । তিনি ক্যানসারজয়ী । তিনি দৃষ্টান্ত । তিনি রোহিত রায় । কোচবিহারের ফুটবলার রোহিত । বছর পাঁচেক আগে আক্রান্ত হন মারণ রোগে । কিন্তু না, ক্যানসারকে নিজের শরীরে প্রভাব বিস্তার করতে দেননি । প্রচণ্ড মনের জোর আর দুরন্ত লড়াইয়ে হার মানিয়েছেন ভয়ঙ্কর ক্যানসারকে । কলকাতায় দীর্ঘদিনের চিকিৎসা । হ্যাঁ, শেষ পর্যন্ত চিকিৎসকরা রায় দিয়েছেন, রোহিত সম্পূর্ণ ক্যানসার মুক্ত ।

ফুটবল খেলার পাশাপাশি রোহিত মেধাবি ছাত্র । একই সঙ্গে চলছিল ইঞ্জিনিয়ারিং পড়া । কিন্তু মারণ রোগ ক্যানসার সব কিছু বন্ধ করে দিয়েছিল ।  থমকে গিয়েছিল তরুণ  রোহিতের জীবন । আজ আবার মেঘ কেটে উজ্জ্বল রোদের আলো । দু’হাতে অন্ধকারকে দূরে সরিয়ে আবার আলোয় ঝলমলে রোহিত । ফিরছেন মাঠে । ফিরছেন তাঁর ভালবাসার ফুটবলে । রোহিতের মা, ওঁর বাবা- তাঁরাও তো চালিয়ে গিয়েছেন কঠিন লড়াই । আজ ওদের কাছে যেন নতুন সূর্য ওঠার ভোর ।

ফুটবল মাঠে আবার দাপিয়ে বেড়াচ্ছেন । আবার সবাইকে টপকে সেরা খেলোয়াড়ের  ট্রফি তুলে নিয়ে আসছেন । নতুন জীবনের জয়গানে মুখরিত রোহিত । ওঁর ফুটবল মাঠের সঙ্গীরাও ওকে দেখে মুগ্ধ, আপ্লুত । ওঁরা বোধহয় ঠিকই বলছেন ।  খেলোয়াড় তো! তাই বোধহয় লড়াইটা সহজাত । সেই লড়াইটাই যে রোহিতকে আবার ওঁদের কাছে ফিরিয়ে আনল!

কোচবিহারের তরুণের এই ম্যাচ জেতার কাহিনি একটা দৃষ্টান্ত । হারানো যায় । ক্যান্সারকেও হারানো যায় । এটাই ক্যান্সার রোগীদের উদ্দেশে ক্যান্সারজয়ীর বার্তা । হ্যাঁ, এটাই তো উপসংহার । এটাই তো সত্য । ক্যান্সার মানে সব কিছু শেষ নয় । ভয় নয় । হতাশা নয় । আতঙ্ক নয় । লড়াই, লড়াই, দুরন্ত লড়াই । রাতের শেষে নতুন ভোরের আলোয় ঝলমল করে ওঠেন যে রোহিতরা!

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube