ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় । শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির রেশ বজায় থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর । সোমবার ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে । জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। মৎস্যজীবীদের শনি ও রবিবার উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর , জারি করা হয়েছে সতর্কবার্তা ।
একই সঙ্গে চোখ রাঙাচ্ছে জোড়া নিম্নচাপ! আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই জোড়া নিম্নচাপ । দুই নিম্নচাপই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । কী পরিস্থিতিতে রয়েছে এই দুই নিম্নচাপ?
★মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে মত আবহাওয়াবিদদের। এরপর এই সিস্টেম উত্তর বঙ্গোপসাগরের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে । শনিবার ও রবিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । এর অভিমুখ উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই থাকবে বলে জানা যাচ্ছে ।
★পূর্বমধ্য আরব সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে । এটি কোঙ্কন ও গোয়া উপকূলে অবস্থান করছে। এই নিম্ন চাপও পরবর্তীকালে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদদের ।
অপরদিকে বর্ষার বিদায় পর্ব শুরুতেই থমকে গিয়েছে । ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে । দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় রেখা, নোখরা, যোধপুর ও বার্মার পর্যন্ত বিস্তৃত রয়েছে । এইখানেই পাঁচ দিন থমকে রয়েছে মৌসুমী বায়ু । উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের আরও বেশ কিছু রাজ্য থেকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে । দেশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে ।
দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল বাড়বে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে । আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে । মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় । কাল রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে । সোমবার ও মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ।
উত্তরবঙ্গে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে । রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলেই খবর । সোমবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জেলাগুলিতে ।
সোমবার ও মঙ্গলবার মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । মঙ্গলবার থেকে পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলেই খবর । মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে । দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি রয়েছে । নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে । নিচু এলাকায় জল জমতে পারে । নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে। শষ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা এড়ানো যাচ্ছে না ।
কলকাতায় সপ্তাহান্তে জমিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সকাল থেকেই মেঘলা আকাশ সহ বৃষ্টি চলছেই । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সারাদিন । দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৪ শতাংশ ।
আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। শনি ও রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে আন্দামানে । ১ অক্টোবর রবিবার পর্যন্ত পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে উত্তর আন্দামান সাগরে। প্রবল বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া । ওড়িশা এবং বিহার, ঝাড়খন্ডে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শনিবার থেকে সোমবার পর্যন্ত । আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে । আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অন্ধ্রপ্রদেশ তামিলনাডু তেলেঙ্গানা কর্ণাটক রায়েল সীমা কঙ্কন গোয়া এবং মহারাষ্ট্রে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

