আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে চিকিৎসক ও নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । শুক্রবারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের সিসিইউ-য়ের চিকিৎসক ও নার্সদের মধ্যে।
বিষয়টি জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কতৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আজ, শনিবার গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হানিফ সেখ নামে এক যুবক মদ্যপ অবস্থায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে পড়ে। সেখানে চিকিৎসারত এক রোগীর সঙ্গে দেখা করতে যায় সে। কিন্তু ভিজিটিং আওয়ার না থাকায় সেখানে থাকা কর্মরত চিকিৎসক তাকে রোগীর সঙ্গে দেখা করতে দিতে রাজি হননি ।
এরপর সে সিসিইউ-তে থাকা চিকিৎসক ও নার্সদের লক্ষ করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরে অভিযুক্ত সেই যুবক । এবং জোর করে সিসিইউয়ের মধ্যে থাকা রোগীর সঙ্গে দেখা করে সে । আচমকাই সিসিইউয়ের মধ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা কর্মরত চিকিৎসক ও নার্সরা ।
বিষয়টি তারা হাসপাতাল কতৃপক্ষকে জানালে রাত্রি ১টা ৩০ মিনিট নাগাদ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । আজ হানিফ সেখ নামে ওই যুবককে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বাড়ি রামপুরহাট পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

