প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি এখন যথেষ্ট সংকটজনক । রাজ্যের আরও কয়েকটি জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলাকেও ডেঙ্গি সংক্রমণে হাই এলার্ট জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার একের পর এক হাসপাতালে ক্রমাগত জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন একের পর এক রোগী। এঁদের মধ্যে অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলেই খবর । অনেকের রক্তের নমুনা সংগ্রহ করা হলেও সেই রিপোর্ট আসেনি। স্বাস্থ্য দফতর সূত্রের খবর প্রতিদিনই ডেঙ্গি আক্রন্তের সংখ্যা বাড়ছে জেলায়। বিশেষ করে রাজপুর সোনারপুর পুরসভা এলাকা, বারুইপুর পুরসভা এলাকা সহ আশপাশের এলাকায় প্রচুর পরিমাণে মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন ।
পাশাপাশি ক্যানিং মহকুমা এলাকাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেড়েছে বলেই জানা যাচ্ছে । হাসপাতালে রোগীর ভিড় উপছে পড়ছে । বেডের অভাবে হাসপাতালের মেঝেতেও প্রচুর মানুষ আশ্রয় নিয়েছেন । পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ বলে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে ক্যানিং মহকুমা প্রশাসন । রবিবার মহকুমা শাসক প্রতীক সিংয়ের নেতৃত্বে স্থানীয় বিধায়ক পরেশ রাম দাস, বিডিও ক্যানিং ১ শুভঙ্কর দাস সহ অন্যান্য প্রশাসনের আধিকারিক ও জন প্রতিনিধিরা ক্যানিং মহকুমা হাসপাতালের পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন। সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যাতে না রাখা হয় সেই বার্তাও দেন তাঁরা । পাশাপাশি হাসপাতালে আলাদা ফিভার ওয়ার্ড তৈরি করার নির্দেশও দেন তাঁরা।
ডেঙ্গির বাড়বাড়ন্ত টের পেয়েই দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্ত ব্লকে সাফাই অভিযান শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই । রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলার সমস্ত হাসপাতাল সহ বিভিন্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে গত তিনদিন ধরে। তবে বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সঠিক কত সে সম্পর্কে মুখ খুলতে নারাজ জেলার স্বাস্থ্য আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

