এশিয়াডে সোনা জয় হরমনপ্রীতদের, সোনা শ্যুটিংয়েও

।। গৌতম রায় ।।

এশিয়ান গেমসে প্রথমবার যোগ দিয়েই সোনা জিতে নিল ভারতের মহিলা দল । শ্রীলঙ্কাকে ১৮ রানে হারিয়ে এশিয়াডে চ্যাম্পিয়ন হল ভারত । হাংঝাউতে এদিন দ্বিতীয় বারের জন্য উড়ল তেরঙ্গা । বাজল জাতীয় সঙ্গীত । হরমনপ্রীত-মান্ধানাদের হাত ধরে এল এশিয়াডে মহিলাদের ক্রিকেটে প্রথম সোনা ।

এদিন ভারতকে চাপ থেকে বার করে আনলেন বাংলার তিতাস সাধু । ব্যাটিং ভাল হয়নি ভারতের । ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রানেই থেমে যায় টিম ইন্ডিয়ার ইনিংস । স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজ ছাড়া আর কেউই ভাল রান পাননি । কিন্তু বোলাররা ম্যাচ জেতালেন । বিশেষ করে বাংলার তিতাস তাঁর প্রথম দু’ওভারে তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দেন । শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস ।

ফাইনালে কী দুর্ধর্ষ বোলিং গড় তিতাসের । চার ওভার, একটি মেডেন ৬ রানে তিন উইকেট । অনূর্ধ্ব ১৯ টি টয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন করেছিলেন ভারতকে । সিনিয়র দলকেও সোনা জেতাতে নিলেন বড় ভূমিকা । স্বাভাবিকভাবেই চুঁচুড়ায় তিতাসের বাড়িতে উচ্ছ্বাসের ঢেউ । চাপা টেনশন ছিলই, কিন্তু বাড়ির মেয়ে সফল হতেই খুশির বন্যা ।

সোমবার প্রথম সোনাটি আসে শ্যুটিংয়ে । পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে টিম ইভেন্টে সোনা জয় । সোনাজয়ী ভারতীয় দলে ছিলেন দিব্যাংশ সিং পানোয়ার, ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ও রুদ্রাংশ পাতিল । একই সঙ্গে রেকর্ড করল ভারতীয় দল । ভেঙে দিল এশিয়ান রেকর্ড, এশিয়ান গেমস রেকর্ড ও বিশ্ব রেকর্ড । টিম ইভেন্টের পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগেও ব্রোঞ্জ জিতলেন প্রতাপ সিং তোমর । এদিন শ্যুটিং ও রোয়িংয়ে এল আরও রুপো ও ব্রোঞ্জ । ভারত ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ নিয়ে এদিন মোট ১১টি পদক জিতল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube