।। স্বর্ণালী মান্না ।।
দিন কয়েক আগেই হয়েছিল অস্ত্রোপচার । বিশ্রাম নিতে গিয়েছিলেন মেয়ের শ্বশুরবাড়ি । সেখানেই নৃশংসভাবে হত্যা করা হল দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দারের মা বেবিরানি সর্দারকে । তৃণমূল পঞ্চায়েত সদস্যা মেয়ের বাড়িতেই প্রাণ গেল বৃদ্ধা মায়ের । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে দত্তপুকুরে ।
শনিবার রাতে নিজের নাতনির সঙ্গে শুয়েছিলেন ঘরে । ভোর রাতের দিকে ভারি বস্তু দিয়ে তাঁর মাথা থেঁতলে তাঁকে খুন করে দুষ্কৃতীরা । বৃদ্ধার নাতনির দাবি অনুযায়ী, মাস্ক পরে দুজন দুষ্কৃতী ঘরে ঢোকে রবিবার ভোরে । এরপরই ভারি কিছু দিয়ে তাঁর দিদার মাথায় তাঁরা আঘাত করে বলে দাবি ১১ বছরের নাতনির । জানা যায়, ভয় ঘুমের ভান করে পড়ে থাকায় এদিন বালিকাটিকে আঘাত করেনি দুষ্কৃতীরা ।
এদিনের ঘটনার পর, ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেই খবর । পরিবারের সদস্যদের দাবি, আঘাত এতটাই গুরুতর ছিল যে মৃতার মুখ পর্যন্ত চেনা অসম্ভব হয়ে উঠেছে । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার । তবে এদিনের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যে খুন করা হয়েছে না এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । তবে পরিবারের অনুমান রাজনৈতিক শত্রুতার জেরেই এহেন ঘটনা । ছোট শিশুর পাশে তাঁর মা ঘুমিয়ে রয়েছে ভেবেই খুন করে দুষ্কৃতীরা, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

