জলে ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর । প্রাণে বাঁচলেন চালক সহ ৬ জন যাত্রী । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায় ।
জলে ডুবে থাকা সেতু দিয়ে পারাপার করতে গিয়ে জলের তোড়েই ভেসে গেল ট্রাক্টর । স্থানীয় সূত্রে খবর, শনিবার জীবনের ঝুঁকি নিয়ে সেই জল পেরিয়েই ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন চালক। ইঞ্জিনের দুপাশের সিটে ও পিছনের ট্রলিতে বসে ছিলেন আরও পাঁচ জন শ্রমিক। সেতু দিয়ে পেরোনোর সময় আচমকাই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও যাত্রী সহ ট্রাক্টরটি সেতু থেকে নিচের দিকে নেমে যায়। চালক ও যাত্রীরা প্রত্যেকেই সাঁতার জানায় কোন ক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠেন তাঁরা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে চালক সহ ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক্টর ছেড়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসেন চালক সহ যাত্রীরা । মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী । গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার অন্যান্য নদীর পাশাপাশি এই শাখা নদীতেও জলস্তর বৃদ্ধি পায় । নদীর উপর থাকা নিচু সেতুর উপর দিয়ে বেগে বইতে শুরু করে জল। এলাকার মানুষের দাবি এবার পারাপারকারীরা প্রাণে বাঁচলেও সেতু নীচু হওয়ার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে ওই সেতুতে। অবিলম্বে ওই স্থানে উঁচু সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

