দুই বছর দুই মাসের এক শিশু কন্যার সোনার কানের দুল ও রূপোর মালা খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করার পর তাকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে । শুক্রবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুরাতন শিকদারপুর গ্রামে।
জানা যাচ্ছে এখনও পর্যন্ত গঙ্গায় তলিয়ে রয়েছে ওই শিশু কন্যা, সাহানা খাতুন । ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী মহিলা নায়েমা খাতুনকে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত মহিলার ফাঁসির দাবিতে সরব হয়েছেন শিশুর পরিবারের সদস্যরা ।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু কন্যা সাহানা খাতুন । সেই সময় প্রতিবেশী এক মহিলা নায়েমা খাতুন তাকে কোলে তুলে নিয়ে যায়। প্রথমে আদর করছে ভেবে পরিবারের সদস্যরা কিছু না বললেও কিছুক্ষণ পরেই শিশু কন্যাকে দেখতে না পেয়ে হইচই শুরু হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে আসল রহস্য। বন্ধনের লোন দেওয়ার জন্য শিশু কন্যার সোনার কানের দুল ও রূপোর গয়না খুলে তাকে শ্বাসরোধ করে খুন করে ওই মহিলা । এরপর সে ওই শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে বলে স্বীকারও করে প্রতিবেশী মহিলা নায়েমা খাতুন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করার পাশাপাশি তার বাড়ি থেকে কানের দুল ও রূপোর মালা উদ্ধার করে পুলিশ । এদিকে ঘটনা জানাজানি হতেই শনিবার সকাল থেকে ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

