।। স্বর্ণালী মান্না ।।
আরও একবার নথি সহ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে । রাজারহাটে ফ্ল্যাট প্রতারণা মামলায় আবারও তৎপর হয়ে উঠল ইডি । বেশ কিছু দিন আগে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই মামলায় আবারও নথি সমেত ডেকে পাঠানো হল তাঁকে । আগামী সপ্তাহেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে । পাশাপাশি নোটিশ দেওয়া হয় সংস্থার আরেক ডিরেক্টর রাকেশ সিংহ-কেও ।
অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিলেও কাউকেই ফ্ল্যাট না দেওয়া নিয়ে ।২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৪০০-রও বেশি প্রবীণদের কাছ থেকে ৬ লক্ষ টাকার কাছাকাছি টাকা নেওয়া হয় রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে । অভিযোগ আনা হয়, আজ পর্যন্ত সেই ফ্ল্যাট তৈরিই হয়নি । সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার মাধ্যমে করা হয় এমনই প্রতিশ্রুতি । উল্লেখ্য ওই সংস্থারই অন্যতম ডিরেক্টর পদে রয়েছেন নুসরত জাহান ।
জানা যাচ্ছে, আগের বার ইডি-র দফতরে হাজিরা দিলেও যে সকল নথিপত্র তাঁকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছিল তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে, তার অধিকাংশ নথিপত্রগুলি নিয়ে যাননি তিনি । যার জেরে আবারও বাকি নথি সমেত তলব করা হয় তাঁকে ।
প্রসঙ্গত, সংস্থার ডিরেক্টর পদে থাকা দুই অভিনেত্রী, নুসরত জাহান ও রুপলেখা মিত্র ইডি-র তলবে হাজিরা দিলেও রাকেশ সিংহ হাজিরা এড়িয়ে গিয়েছেন । ফ্লাট তৈরি করে দেওয়ার নাম করে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ।ইডি-র পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ফ্ল্যাট বিক্রির নাম করে টাকা তলার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থার ‘বোর্ড অফ ডিরেক্টরস’ । সেই অনুযায়ী বাজার থেকে বেশ কিছু টাকাও তোলা হয়েছিল বলে খবর । বাজার থেকে টাকা তোলার জন্য ফ্লাইট পেপার ডট ইন বলে একটি ওয়েবসাইট ব্যবহার করা হয়েছিল । পরে সেই সংগৃহীত টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয় বলে খবর । পাশাপাশি জানা যাচ্ছে সংস্থার বিভিন্ন জায়গায় মিলেছে সম্পত্তির হদিস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

