মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় । বাথরুমের সেপ্টিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন যুবকের । সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মাদারতলা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তিদের নাম মাজু শেখ, রজব আলী ও মনিরুল ইসলাম । এদিনের ঘটনায় জানা যাচ্ছে তাঁদের প্রত্যেকের বাড়ি মাদারতলা গ্রামে ।
এদিন জানা যায় সোমবার সকালে একটি বাথরুমের সেপ্টিক ট্যাঙ্কে নেমেছিলেন তাঁরা । সেন্টারিংয়ের তক্তা খোলার জন্য নিচে নেমেই অজ্ঞান হয়ে যান একজন । তাঁকে উদ্ধার করার জন্য চারজন শ্রমিক ওই সেপ্টিক ট্যাঙ্কে নামেন ।
সেখানে অক্সিজেনের অভাবে পাঁচ জনই অজ্ঞান হয়ে যান । পরিবারের সদস্যরা চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজনরা ছুটে আসেন ও ঘটনাস্থলে একটি মাটি কাটার যন্ত্র এনে তাদেরকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকেরা তিন যুবককে মৃত বলে ঘোষণা করেন । দু’জনের অবস্থা অবনতির দিকে বলেই খবর । ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে । স্থানীয় সুত্রে জানা গিয়েছে , গুরুতর অসুস্থ অবস্থায় দুইজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

