স্কুলের পাশেই বারুদের স্তুপ!

স্কুলের পাশেই বারুদের স্তুপ। বিস্ফোরণ ঘটতেই স্কুল জুড়ে হুড়োহুড়ি ছাত্র-ছাত্রীদের। খবর সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা সংশ্লিষ্ট সংস্থার ।

রাস্তার এক পাশে সরকারি মডেল স্কুল। তারই ৫০ ফুট দূরত্বে অপর প্রান্তে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টেজ ম্যানেজমেন্ট লিমিটেড নামে সরকারি অধীনস্থ এক বেসরকারি সংস্থার কারখানা। যে কারখানায় রাজ্যের বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন সংস্থার বর্জ্য পদার্থ নষ্ট করা হয় রাসায়নিক প্রক্রিয়ায়। কিন্তু সেই কারখানায় এবার বারুদ নিষ্ক্রিয় করার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য তীব্র শব্দসৃষ্টিকারী বেআইনী বাজি ও আতশবাজি রোধে রাজ্যের বিভিন্ন থানা বাজেয়াপ্ত করেছে একাধিক অবৈধ বাজী ও আতশবাজি। আর সেই সকল বাজী ও আতশবাজি প্রশাসনিক হস্তক্ষেপে নিষ্ক্রিয় করা হচ্ছে এই বেসরকারি সংস্থায়। কিন্তু সেই আতশবাজি নিষ্ক্রিয়-র ঘটনায় ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী রইলেন সরকারি মডেল স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীরা। বুধবার পশ্চিম বর্ধমানের হিরাপুর থানা এলাকায় বাজেয়াপ্ত করা বেশ কিছু আতশবাজি নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হয় এই কারখানায়।

নিষ্ক্রিয় প্রক্রিয়া চলাকালীন বিস্ফোরণের তীব্রতায় সারা স্কুল জুড়ে শুরু হয় ছাত্রছাত্রীদের হুড়োহুড়ি। ক্লাস থেকে বেরিয়ে যান ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীরা ছাদের উপর থেকে দেখতে পান স্কুলের পাশের কারখানা থেকে গোল গোল করে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া। আকাশ ঢাকা পড়েছে কালো ধোঁয়ায়। বিকট আওয়াজ ও ধোঁয়া দেখে আতঙ্কে পড়ে যান কারখানার অদূরে থাকা গ্রামবাসীরাও। গ্রামবাসীদের দাবি ভয়ংকর শব্দে গ্রামের কাঁচা বাড়ির দেওয়াল কেঁপে ওঠে। ঘটনার জেরে আতঙ্কের ছাপ এলাকা জুড়ে।

স্কুলের অদূরে কিভাবে গড়ে উঠতে পারে এমন একটি কারখানা প্রশ্ন স্কুল কর্তৃপক্ষের। ২০১৬ সালে শালতোড়া ব্লকের পাবয়া গ্রামে সরকারি এই মডেল স্কুল তৈরি হয়। ২০২১ সালে এই মডেল স্কুলের পাশেই তৈরি হয় এই বেসরকারি সংস্থা। সরকারি স্কুলের পাশেই কারখানা নির্মাণে কিভাবে ছাড়পত্র পেল এ সংস্থা ? সংশ্লিষ্ট দপ্তর কি আদৌ ঘটনাস্থল পরিদর্শন করে দিয়েছিলেন এই ছাড়পত্র ? গ্রামের মানুষের দাবি এই কারখানায় অবিলম্বে বন্ধ করা হোক বাজি ও আতশবাজি নিষ্ক্রিয়ের কাজ। শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube