INDIA জোটের বৈঠকে নয়, অভিষেক পৌঁছলেন ইডি দফতরে

।। স্বর্ণালী মান্না ।।

INDIA জোটের বৈঠকে না গিয়ে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই নিয়ে যথেষ্ট শোরগোলও পড়ে যায় রাজনৈতিক মহলে । প্রশ্ন ওঠে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই কেন হাজিরা দিতে বলা হল তাঁকে; একদিন আগে বা পরে নয় কেন?

বুধবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ইডি-র দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা ছিল গোটা সিজিও কমপ্লেক্স । বিধাননগর কমিশনারেটের পক্ষ থকী চালানো হয় মাইকিং, যাতে সিজিও কমপ্লেক্সের সামনে কোনও যানজট না থাকে । এমনকি সিজিও কমপ্লেক্সের ভিতরে কাউকে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না বলেই সুত্রের খবর ।

শুধু নিরাপত্তা নয়, প্রস্তুতি নেওয়া হয়েছে ইডি-র পক্ষ থেকেও । ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হবে স্কুলে নিয়োগ মামলা নিয়ে । তার জন্য প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন নিয়োগ দুর্নীতি তদন্তকারী আধিকারিক তথা ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্র । পরবর্তীকালে তাঁকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি-র অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা । সম্প্রতি লিপ্স অ্যান্ড বাউন্ডস নামক্মেক্তি সংস্থায় প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা । সম্ভবত সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে ।

পাশাপাশি জানা গিয়েছিল, এই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যাতে তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও কড়া পদক্ষেপ না নিতে পারে তার জন্য আদালতের কাছে রক্ষকবচ চেয়ে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ । মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারক তীর্থঙ্কর ঘোষ জানান, ইডি এই বিষয় এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি; বলতে গেলে এক প্রকার মৌখিক প্রতিশ্রুতিই দিয়েছে ইডি । সেই কারণে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর কোনও রক্ষকবচের দরকার নেই ।

অন্যদিকে দিল্লিতে আজ বুধবারই ছিল INDIA জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক, যার সদস্য অভিষেক নিজেও ।আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দরুন দিল্লির বৈঠকে উপস্তিত থাকতে পারছেন না তিনি । এই ঘটনার তীব্র নিন্দা করে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে সরব হয়েছেন অভিষেক ।তাঁর বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে তাঁকে দমানো যাবে না; জনগণের সেবা করা থেকে তাঁকে আটকানো জাবে না ।      

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube