বন্ধ ঘর থেকে উদ্ধার ছেলের পচাগলা মৃতদেহ । পাশের ঘরে শুয়ে আছেন অসুস্থ মা । এমনই দৃশ্য ঘিরে সাতসকালে চাঞ্চল্য ছড়াল শিবপুরের প্রসন্ন দত্ত লেনে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবপুর প্রসন্নকুমার দত্ত লেনের একটি বাড়িতে ৪৫ বছর বয়সী লাল্টু সরকার এবং ৬৫ বছর বয়সী তার মা মালতি সরকার থাকতেন । লাল্টু মানসিকভাবে অসুস্থ ছিলেন । কোনরকম কাজকর্ম করতেন না তিনি । তার মা মিনতি সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন ।
২০১৬ সালে স্বামী মন্টু সরকার মারা যাওয়ার পর ওই বাড়িতে মা এবং ছেলে থাকতেন । রেলের পেনশনের টাকায় তাদের সংসার চলত । দু’জনের অসুস্থতার কারণে গত কয়েক মাসের পেনশনের টাকা পর্যন্ত তোলা হয়নি বলেই সুত্রের খবর । প্রতিবেশীরা জানাচ্ছেন অসুস্থতার জন্য বাইরের লোকের সঙ্গে বেশি মেলামেশা করতেন না তাঁরা । আত্মীয়-স্বজন সেভাবে খোঁজখবর নিতেন না তাঁদের । গত কয়েকদিন তাদের সেভাবে খাওয়া দাওয়া হয়নি বলেও জানা যাচ্ছে ।
গত দু’দিন ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলেও রবিবার সকালে বাড়ির দরজার নীচে দিয়ে পচা রক্তরস বেরোতে দেখা যায় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা খবর দেন শিবপুর থানায় । পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে ছেলে লাল্টু সরকার মৃত অবস্থায় চেয়ারে বসে আছেন । তার মা মালতি সরকার পাশের ঘরে বিছানায় শুয়ে আছেন । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে শিবপুর থানার পুলিশ ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কমপক্ষে তিন দিন আগে মারা গিয়েছেন ছেলে । অসুস্থ মাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দীর্ঘদিন অসুস্থতার কারণে লাল্টুর মৃত্যু হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

