ডুরান্ডের পর কোথায় মোহনবাগান, ইস্টবেঙ্গল?

 ।। গৌতম রায় ।।

শেষ হল ডুরান্ড । চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়েন্ট । রানার্স ইমামি ইস্টবেঙ্গল । কলকাতার দুই প্রধান ফাইনাল খেলল, এটা বাংলার ফুটবলের জন্য নিঃসন্দেহে ভাল বিজ্ঞাপণ । তবু কিছু প্রশ্ন কিছু ভাবনা । ডুরান্ড থেকে দুই প্রধানের কী প্রাপ্তি, কী অপ্রাপ্তি । সামনেই আইএসএল । মোহনবাগানের তো বার এএফসি কাপ আছে । এই পরিস্থিতিতে দু’টি দল কী অবস্থায় আছে ?

প্রথমেই মোহনবাগান । চ্যাম্পিয়ন হলেও সবুজ মেরুন ব্রিগেডের থেকে কি প্রত্যাশিত মানের ফুটবল পাওয়া গেল ? উত্তরটা অন্য কাউকে দিতে হবে না । উত্তর দিয়েছেন স্বয়ং মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো । স্প্যানিশ কোচ বলেছেন তাঁর দল এখনও মাত্র ৫০ শতাংশ তৈরি । আরও উন্নতি করতে হবে । দেখা গেল নতুন বিদেশিদের মধ্যে হেক্টর ছাড়া কেউই এখনও দলে থিতু হতে পারেননি । না কামিংস, না সাদিকু । এখানেই প্রশ্ন উঠছে এখনও কেন দলটাকে তৈরি করতে পারলেন না ফেরান্দো ? কেন এখনও প্রথম একাদশকে বেছে নিতে পারলেন না? মোহনবাগান সুপার জায়েন্টে এবার তারকার ছড়াছড়ি । এটা কি কোচকে কোনও রকম দ্বিধা দ্বন্দ্বে ভোগাচ্ছে? দেশের সেরা দল গড়ার পর সেই মত ফুটবল যদি না পাওয়া যায়, তাহলে কোচকে তো উত্তর দিতেই হবে!

এবার আসুন ইস্টবেঙ্গলের কথায় । গত চার বছর ধরে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে দলটা ।এবার ম্যানেজমেন্ট চাকা ঘোরানোর চেষ্টা করছেন । গত চার বছরের তুলনায় পরীক্ষিত বিদেশি ও ভাল মানের ভারতীয় ফুটবলারদের নিয়ে আসা হয়েছে । এবং এমন একজনকে কোচ করে নিয়ে এসেছে, যিনি ভারতীয় ফুটবলে অনেকটা সাফল্য পেয়েছেন । ডুরান্ডের পর একটা জিনিস স্পষ্ট, এবার গত চার বছরের তুলনায় ভাল ফুটবল খেলবে ইমামি ইস্টবেঙ্গল । এর জন্য অবশ্যই কার্লোস কুয়াদ্রাতকে কৃতিত্ব দিতে হবে । কারণ তিনি বদল আনছেন । খেলায় বদল, মানসিকতায় বদল । এমনকি মোহনবাগান সচিব দেবাশিস দত্তও মেনে নিয়েছেন, গত চার বছরের মধ্যে এবার ডুরান্ডেই সবচেয়ে ভাল ফুটবল খেলেছে লালহলুদ । কুয়াদ্রাত কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন, এবার আইএসএলে চেনা ইস্টবেঙ্গলকে দেখা যাবে ।

কলকাতার দুই প্রধানের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা । বিশেষ করে এএফসি কাপে মোহনবাগান কেমন খেলে সেটা নিয়ে কৌতূহল তুঙ্গে । সেরা দল নিজেদের সেরা মানে কি পৌছবে? পাশপাশি কুয়াদ্রাতের দল কি পারবে ইস্টবেঙ্গল জনতার হা হুতাশ সরিয়ে সাফল্যের আলোয় ঝলমল করে উঠতে? দুই প্রধানের সমর্থকরাই উদগ্রীব, অপেক্ষায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube