রেললাইন থেকে উদ্ধার মেধাবী পড়ুয়ার দেহ!

উত্তর চব্বিশ পরগনার হাবরার বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে মেধাবী ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । একমাত্র ছেলের মৃত্যু নিয়ে ধোঁয়াশায় রয়েছেন পরিজনেরা । সঠিক তদন্তের দাবি করেছেন মৃত ছাত্রের পরিবার । ছাত্রের নিথর দেহ বাড়ি ফিরতেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা । উত্তর হাবরা এলাকার বাসিন্দা শিয়ালদাহ সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র স্বাগত বণিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায় । মঙ্গলবার রাতে মেধাবী ছাত্রের নিথর দেহ নিয়ে আসা হয় হাবরার বাড়িতে ।

উত্তর চব্বিশ পরগনার হাবরার বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার খিরাই রেল স্টেশনের কাছে রেললাইন থেকে স্বাগতর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । পরিবার সূত্রে জানা যায়, বছর উনিশের স্বাগত ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভাল ছিল । মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্টের পরে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজে “পরিসংখ্যান বিভাগে” অর্থাৎ “স্ট্যাটিস্টিকস” সাবজেক্ট নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন ওই পড়ুয়া ।

স্বাগতর বাবা জানিয়েছেন ছেলে সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্র; এই মহুর্তে তাঁর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে । ‘শিয়ালদহতে প্রজেক্ট বাইন্ডিং করতে দেওয়া আছে ওটা আনতে যাচ্ছি’ এই কথা বাবা-মাকে বলে রবিবার দুপুরে স্বাগত শেষবারের মতন হাবরার বাড়ি থেকে বেরিয়ে পড়েন । রবিবার সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ছেলে বাড়ি ফিরছে না দেখে দুশ্চিন্তায় পরেন তাঁর পরিবারের সদস্যারা ।

এরপর মধ্যরাতে হাবরা থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বাগতর পরিবার । সোমবার রাত ন’টা নাগাদ পাঁশকুড়া রেল পুলিশের পক্ষ থেকে খবর আসে স্বাগত মাল গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে! তমলুক জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হয়েছে । সোমবার রাতেই স্বাগতর পরিজনেরা পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান ।

মঙ্গলবার রাতে মেধাবী ছাত্রের নিথর দেহ নিয়ে আসা হয় হাবরার বাড়িতে । পরিবারের এক মাত্র ছেলের মৃত্যুতে মা-বাবা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সকলেই কান্নায় ভেঙে পড়েন । ছেলে এভাবে মরতে পারে না, এর পেছনে সহপাঠীরা রয়েছে বলেই জানালেন স্বাগতর বাবা । পাশাপাশি তিনি দাবি করেছেন ছেলে যদি আত্মহত্যাই করবে তাহলে বাড়ি থেকে এত দূরে গিয়ে কেন করবে? ‘কলেজের বন্ধুরা এর সঙ্গে যুক্ত আছে’, একই সুর শোনা গেল স্বাগতর পিসতুতো দিদির গলাতেও । এইভাবে আর কোন মায়ের কোল যেন খালি না হয়, জানালেন মৃত পড়ুয়ার দিদি । পরিবারের পাশাপাশি সঠিক তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা বাসিন্দারাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube