শিক্ষার আলো ছড়াচ্ছে হাইস্কুলের পড়ুয়া

।। দেবাশিস মৌলিক ।।

বাঁকুড়াঃ আজ শিক্ষক দিবস। যে বয়সে ছেলে মেয়েরা মাঠে ঘাটে খেলাধুলা করে বেড়ায়, সেই বয়সে সৌরভ নামের ছেলেটা ছোটো ছোটো ভাই বোনদের পড়াশোনা শেখানোর মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে । পড়ুয়ারাও ভীষণ ভালোবাসে তাদের সৌরভ মামাকে।

এই ক্ষুদে শিক্ষকের পুরো নাম সৌরভ ব্যাধ । সে এখনও পর্যন্ত যাযাবর সম্প্রদায়ের প্রথম প্রজন্মের এক এমন সদস্য যে প্রাথমিকের গণ্ডি ছাড়িয়ে হাইস্কুলে পা রেখেছে । তালডাংরার শতাব্দী প্রাচীন হাড়মাসড়া হাই স্কুলের ক্লাস এইটের সৌরভ নামের এই ছাত্রই এখন শিক্ষকের ভূমিকায় । এখনও পর্যন্ত সে নিজে যা শিখেছে তা নিজের মতো করেই শেখানোর চেষ্টা করছে তাদের যাযাবর সম্প্রদায়ের ছোটো ছোটো ভাই বোনগুলোকে । প্রতিদিন সকাল আর বিকেলে হাড়মাসড়া সংলগ্ন জেমুয়া যাযাবর কলোনীতে খোলা আকাশের নীচে গাছের তলায় চলে সৌরভের স্কুল । সেখানে ‘অ এ অজগর আসছে তেড়ে…’ থেকে ‘একে চন্দ্র, দুই এ পক্ষ’ সবই শিখছে ওখানকার শিশুরা ।

প্রসঙ্গত, তালডাংরার হাড়মাসড়ার জেমুয়া যাযাবর কলোনীতে ৭ টি পরিবারের প্রায় ৪০ জন সদস্য বসবাস করেন । স্থায়ী রোজগারের সেভাবে কোন সুযোগ না থাকায় এক প্রকার অর্থাভাবেই দিন কাটে তাদের । অর্থ যেখানে ভাবায় সেখানে শিক্ষাগ্রহণ যেন বিলাসিতা! কিন্তু এই সবকে মিথ্যা প্রমাণ করে এই এলাকায় যাযাবর সম্প্রদায়ের প্রথম প্রজন্ম সৌরভ হাইস্কুল পর্যন্ত পৌঁছতে পেরেছে । কিন্তু এখানেই থেমে থাকা নয়, সে চায় তার মতো পাড়ার অন্যান্যরাও শিক্ষার আলোয় আলোকিত হোক ।

ক্ষুদে শিক্ষক সৌরভের কথায়, আগে আমাদের কেউই স্কুল যাওয়ার কথা ভাবেনি, সুযোগও ছিলনা । “এখন আমি নিজে হাড়মাসড়া হাই স্কুলে ক্লাস এইটে পড়ি, সাথে সাথে পাড়ার ভাই বোন গুলোরও অক্ষর পরিচয় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি” বলছে সৌরভ । সৌরভের এই কর্মকাণ্ডে যোগ্য সঙ্গত দিচ্ছেন একটি স্বেচ্ছসেবী সংস্থাও । সৌরভ ও তার ছাত্রদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী থেকে খাদ্যদ্রব্য সরবরাহ করে পাশে থেকেছেন তাঁরাও ।

‘সৌরভ মামা’কে শিক্ষক হিসেবে পেয়ে বেজায় খুশী ক্লাস ফাইভের বিশ্বরুপ, ওয়ানের কল্পনা ব্যাধরা । তাঁদের কথায় সৌরভ মামা প্রতিদিন দু’বেলা আমাদের পড়ায় । পড়াশুনা করতে বেশ ভালোই লাগে বলে এই যাযাবর শিশুরা জানিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube