।। শঙ্কর দাস ।।
শিক্ষকের দায়িত্ব কি শুধুই ক্লাসে পঠনপাঠন দেওয়া? স্কুলে যাঁরা শিক্ষাদান করেন তাঁরাই কি শুধুই শিক্ষক? প্রশ্নগুলির উত্তর পেতে হলে অবশ্যই যেতে হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে । যেখানে নিষ্ঠার সাথে স্কুলে শিক্ষাদানের দায়িত্ব পালনের পাশাপাশি গ্রাম এলাকার ২০টি থেকে ২৫টি স্কুলের অসহায় পড়ুয়াদের সহযোগিতা করতে বিকল্প ক্লাসরুম গড়ে একদল শিক্ষক নিয়মিত পাঠ দিয়ে চলছেন । আর এই কাজটা করছেন দীর্ঘ ২১ বছর ধরে । মানুষ গড়ার সাধনায় ব্রতীদের এই দলের সবাই যে পেশায় স্কুলের শিক্ষক তা কিন্তু নয় । তাঁদের মধ্যে শিক্ষিত বেকার যুবকযুবতী যেমন রয়েছেন, তেমনই বিভিন্ন দফতরে কর্মরত সরকারি কর্মীও রয়েছেন ।
বালুরঘাটের নদীপাড় এনসি হাইস্কুলের চারটি ক্লাস রুম নিয়ে চলছে “লাইট-ফ্রি কোচিং সেন্টার”। নামটা শুনে মনে হতেই পারে যে এটাও নিশ্চই আর দশটা কোচিং-সেন্টারের মতোই অর্থের বিনিময়ে শিক্ষাবিক্রির কারবারকারি কোন সংস্থা । কিন্তু তা মোটেও নয় । বালুরঘাটের পেশায় শিক্ষক সমাজসেবী-লেখক কৃষ্ণপদ মন্ডলের নেতৃত্বে ২১ বছর ধরে নিয়মিত শিক্ষাদানের মাধ্যমে এই শিক্ষকরা সম্পূর্ণ বিনা-ফী ও পরিশ্রমিকে মানুষগড়ার কারিগরের কর্তব্যপালন করে চলেছেন ।
২০০২ সাল থেকে প্রতি রবিবার সকাল সাতটায় বালুরঘাট ও তার আশপাশের তপন কুমারগঞ্জ হিলি ও গঙ্গারামপুরের অসহায় পরিবারের ছেলেমেয়েরা এই ক্লাসে এসে পড়াশোনা করছে। অধিকাংশরই পরিবারের আলাদা ভাবে নেই কোন প্রাইভেট টিউটর বা কোচিং দেওয়ার আর্থিক সামর্থ । লাইট-ফ্রি কোচিং সেন্টারের পড়ুয়ার সংখ্যা বর্তমানে তিনশো ছাড়িয়ে গিয়েছে । এখানে স্বেচ্ছায় শিক্ষাদানের সাধনাকারী শিক্ষকের সংখ্যা মোট কুড়ি জন । কৃষ্ণপদ মন্ডল সহ অধিকাংশ শিক্ষকরাই জেলার বিভিন্ন স্কুলে শিক্ষকতার কাজ করেন। কেউ কেউ সরকারী বিভিন্ন দফতরের কর্মী আধিকারিকও রয়েছেন। তাঁদের এই কাজে অনুপ্রাণিত হয়ে কয়েকজন শিক্ষিত বেকার যুবকযুবতীও তাতে অংশ নিয়ে শিক্ষাদান করে চলেছেন ।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষ গড়ার সাধনায় লিপ্ত এই মানুষগুলির একটাই লক্ষ্য সমাজের কেউ যেন অর্থের অভাবে প্রাইভেট টিউটর ও কোচিং নেওয়া থেকে বঞ্চিত না হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

