এবার শিশু পাচার চক্রের পর্দা ফাঁস! পুলিশের জালে ধরা পড়ল পাচার চক্রে জড়িত ধৃতরা । দিঘা কোস্টাল থানা ও দিঘা হাসপাতালের তৎপরতায় শিশু বিক্রির বড়সড় চক্রের হদিস পেয়ে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে দিঘা মোহনা কোস্টাল থানা ।
গত সোমবার দিঘা রাজ্য সাধারণ হাসপাতালের বহির্বিভাগে টিকাকরণের জন্য নিয়ে আসা হয়েছিল ৪ দিনের এক শিশু পুত্রকে । টিকাকরণের আগে শিশুটির জন্ম সংশাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু শিশুটির সঙ্গে থাকা ‘মা’ পরিচয় দেওয়া ওই মহিলা তা দেখাতে পারেননি । কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের ।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের নজরে আনে । উদ্ধার হওয়া শিশুটিকে তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে । হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে শিশু কেনার অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার গ্রেফতার হয়েছিলেন রামনগর থানার দুর্গাপুরের বাসিন্দা মর্জিনা বিবি । তাঁকে জিজ্ঞাসাবাদ করে বুধবার এগরার একটি নার্সিংহোমের (জনকল্যাণ নার্সিং হোম) মালিক সঞ্জয় গোল ও তাঁর স্ত্রী সুপ্রিয়া গোলকে গ্রেফতার করে পুলিশ । তাঁরা নন্দীগ্রামের রানিচকের বাসিন্দা ।
এদিন তদন্তে নেমে জানা গিয়েছে, ধৃত দম্পতি ২ লক্ষ টাকার বিনিময়ে বাচ্চাটিকে কেনার জন্য নিঃসন্তান মর্জিনাকে সহযোগিতা করেছিলেন । শুক্রবার ধৃতদের কাথি আদালতে পেশ করা হলে তাদেরকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
অপরদিকে রবিবার পটাশপুর থানার উত্তর খড়গ্রাম থেকে শিশুর মামা, দাদু ও মা-কে আটক করে নিয়ে যায় দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ । শিশুটির মাসি জানান তাঁর দিদি প্রতিমা পালের বাড়ি পটাশপুর থানার জবদা গ্রামে । সন্তান হওয়ার সময় তিনি তাঁদের বাড়িতে এসেছিলেন । এরপর প্রসবের জন্য ২৫ আগস্ট এগরার একটি নার্সিং হোমে ভর্তি করা হয় তাঁকে । নার্সিংহোম কর্তৃপক্ষ প্রসবের পর বলে তাঁদের মৃত সন্তান জন্ম হয়েছে । কিন্তু তাঁরা সেই মৃত শিশুকে দেখতে চাইলেও দেখাতে চায়নি নার্সিং হোম কর্তৃপক্ষ । শনিবার মাঝরাতে যখন পুলিশ আসে তাঁরা জানতে পারেন তাঁদের শিশুটি জীবিত ছিল ও তাঁকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

