।। স্বর্ণালী মান্না ।।
রবিবার সকালটা শুরু হল এক মর্মান্তিক দুর্ঘটনা দিয়ে । ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠল বারাসত দত্তপুকুরের নীলগঞ্জ এলাকার মোচপোল । বিকট শব্দে কেঁপে উঠল চারিদিক । বিস্ফোরণের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা । চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক দেহাংশ । এই ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে রাজ্য রাজনীতি ।
একদিকে বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য জানিয়েছেন, এদিনের ঘটনা কোনও সাধারণ বাজি কারখানার বিস্ফোরণ নয় । মানুষের উপর আস্থা না রেখে তৃণমূল আস্থা রাখছে বোমার উপর; যার সব থেকে বড় উদাহরণ ছিল পঞ্চায়েত নির্বাচন । একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বাজি কারখানাগুলি নিয়ে ক্লাস্টার তৈরি করার ঘোষণাকে শুধুমাত্র ঘোষণা বলেই কটাক্ষ করেন তিনি ।
অন্যদিকে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন । ঘটনায় মৃত্যুর সকল দায় চাপিয়ে দেন মুখ্যমন্ত্রীর ব্যর্থতার উপর । একই সঙ্গে তাঁর চাঞ্চল্যকর দাবি, স্থানীয় নেতৃত্ব এই সকল ব্যবসা থেকে নিতেন মাসহারা ।
প্রায় একই সুরে বাম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন এগরার ঘটনার তিন মাসের মধ্যেই এই বিস্ফোরণ হওয়া মানে কি মুখ্যমন্ত্রীর কথার কোনও দাম নেই? তবে শাসকদলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দিয়েছেন, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, তবে এখনই এই বিষয়ে সবিস্তারে বলার মতো পরিস্থিতি নয় ।
এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ দাবি করেন, এদিনের বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন স্থানীয় এক আইএসএফ নেতা । পাল্টা নওশাদ সিদ্দিকীর দাবি, এগরার মতোই এই ঘটনার সাথে তৃণমূল সম্পূর্ণভাবে জড়িত । সব দায় বিরোধীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগও করেন তিনি ।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও বিপর্যয় মোকাবিলার একটি দল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

