।। স্বর্ণালী মান্না ।।
বিকট শব্দে কেঁপে উঠল রবিবাসরীয় সকাল । তাঁর কিছুক্ষণ পরেই চোখে পড়ল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একাধিক ছিন্নভিন্ন দেহ । ভেঙে পড়েছে আশেপাশের কিছু বাড়িও । পরবর্তীকালে বোঝা গেল, বিস্ফোরণটি হয়েছে বেআইনি এক বাজি কারখানায় । এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বারাসতের নীলগঞ্জে ।
এগরা, বজবজের পর এবার বারাসত দত্তপুকুরের নীলগঞ্জ এলাকায় এক বেআইনি বাজি কারখানায় ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ । বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়েছে কারখানাটি । এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে উড়ে গিয়েছে বাড়ির ছাদ; ভেঙে পড়েছে দেওয়ালের একাংশ । শুধু কারখানাই নয়, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কিছু বাড়িও । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে একাধিক ব্যক্তির ছিন্নভিন্ন দেহাংশ ।এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে বিস্ফোরণের জেরে এদিন মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের, তবে সেই সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে । এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক ব্যক্তি । তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । বাজি কারখানায় বিস্ফোরণে আহত আটজন চিকিৎসাধীন রয়ছেন বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সুপার জানিয়েছেন আহতদের মধ্যে রয়েছে শিশু ও কিশোরী । জানা যাচ্ছে যেই বাড়িটিতে বিস্ফোরণ হয়, সেই বাড়ি ভেঙে তাঁর নীচেই চাপা পড়ে রয়েছেন বহু মানুষ ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নীলগঞ্জ এলাকার মোচপোলের বাসিন্দা সামসুল আলি এই বেআইনি বাজি কারখানাটি চালাতেন । পাশাপাশি তাঁরা আরও জানাচ্ছেন, অভিযুক্তের যোগ রয়েছে শাসকদল তৃণমূলের সাথে । বসতিপূর্ণ এলাকায় ঝুঁকি নিয়ে বাজির কারবার করায়, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা । তবে তাঁরা জানাচ্ছেন, নেতৃত্ব থেকে প্রশাসন সকলেই তাঁদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন । নেপথ্যে কি তাহলে রয়েছে শাসক ও অভিযুক্তের গোপন আঁতাত ?
এগরার ঘটনার পর বাজি ক্লাস্টার তৈরি করার কথা শুরু হয়েছিল । তবে বাস্তবায়িত হয়নি সেই সকল প্রতিশ্রুতি । আর কত প্রাণের বিনিময়ে হুঁশ ফিরবে প্রশাসনের ? কবে থামবে শাসক ও অভিযুক্তের যোগসাজশ ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

