ক্যানিং- ফের মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক গৃহবধূ। তাঁর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলে শ্বশুরবাড়ির সদস্যরা ও গ্রামের মোড়লরা অমানবিক অত্যাচার করেন। হাত পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারধরের পাশাপাশি মাথার চুল কেটে শাস্তি দেওয়া হয় তাঁকে । ঘটনার পর থেকে লজ্জায় শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন ওই গৃহবধূ । বর্তমানে বাপের বাড়িতে রয়েছেন তিনি । এই বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ । ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী সহ মোট দু’জনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর বাইশেক আগে বারুইপুর থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূর সাথে ক্যানিং থানা এলাকার এক যুবকের বিয়ে হয় । তাঁদের তিন সন্তানও রয়েছে। কিন্তু বছর দশেক আগে ওই গৃহবধূর স্বামী অন্য মহিলার সাথে ভাব ভালোবাসা করে তাঁকে বিয়ে করে অন্যত্র চলে যায়। তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েন এই গৃহবধূ। সংসার চালাতে বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন ওই মহিলা ।
কিন্তু অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে ঘরছাড়া করতে নানা ধরনের ফন্দি আঁটতে থাকেন। পাশাপাশি নানা ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় ওই গৃহবধূর উপর । গত রবিবার রাত ২ টো নাগাদ স্থানীয় এক যুবক মদ্যপ অবস্থায় ওই মহিলার ঘরে ঢুকে পরে। অভিযোগ করা হয় তখনই শ্বশুরবাড়ির সদস্যরা ও স্থানীয় মানুষজন চড়াও হন ওই গৃহবধূর উপর ।
তাঁর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলে বেধড়ক মারধর করা হয় তাঁকে । ইলেকট্রিক খুঁটির সাথে হাত বেঁধে লাথি, কিল, ঘুষি চলে তাঁর উপর। পাশাপাশি গ্রামের স্থানীয় কয়েকজন মাতব্বররা ওই গৃহবধূর মাথার অনেকক্ষানি চুল কেটে দেয় । ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করায় । তবে কিছুটা সুস্থ হলেও তিনি আর শশুর বাড়ি ফিরতে চাননা । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন নির্যাতিতা ও তাঁর বাপের বাড়ির সদস্যরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

