দীর্ঘদিন ধরেই গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাটের বেহাল দশা। কংক্রিটের জেটির নিচের অংশটি বছর আড়াই আগেই নদীর জলে ভেসে গিয়েছে। ফলে জোয়ারের সময় সমস্যা না হলেও ভাঁটাতে এই জেটি দিয়ে ওঠানামা করতে সমস্যায় পড়তে হচ্ছিল এলাকার সাধারণ মানুষকে। সমস্যা আরও চরম আকার ধারন করেছে সম্প্রতি জেটির আরও একটি অংশ নদীর জলের স্রোতে ভেসে গিয়েছে। ফলে যাতায়াত আরও কষ্টকর হয়েছে। নদীতে ভরা জোয়ার না থাকলে এখন এই পথ দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লক্ষাধিক মানুষ।
জটিরামপুরের খেয়া ব্যবহার করে গোসাবার সাতজেলিয়া, লাহিড়ীপুর, কুমিরমারি, ছোটমোল্লাখালি সহ অন্তত ছটি দ্বীপের মানুষ গোসাবার মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করেন। থানা, বিডিও অফিস সহ প্রশাসনের একাধিক দফতরে মানুষকে যাতায়াত করতে গেলে এই খেয়াপথেই যাওয়া আসা করতে হয়। পাশাপাশি রাঙাবেলিয়া হাইস্কুল সহ আশপাশের অন্যান্য স্কুলের পড়ুয়া, শিক্ষকরা সকলেই এই খেয়াপথ ব্যবহার করেন। কিন্তু বর্তমানে জেটির অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে এই পথ দিয়ে যাওয়া আসা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দিনের বেশিরভাগ সময়ই নদীর জলস্তর অনেকটা নেমে যাওয়ার কারনে নৌকা থেকে জেটিতে ওঠানামা করতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। কখনও কখনও নৌকা থেকে জেটির উচ্চতা সাত থেকে আট ফুটের মতোও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সম্পূর্ণ যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে এই পথে। সেই সময় জরুরী দরকারে নদী পারাপার করতে হলে জেটির পরিবর্তে জল কাদায় নেমে পারাপার করতে হচ্ছে। এলাকার মানুষের এই নরক যন্ত্রণার কথা স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, বিধায়ক সকলকেই জানানো হলেও সমস্যা সমাধানের কোন উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ। এলাকার মানুষের আরও দাবি, যে জেটিটি এত গুরুত্বপূর্ণ সেটি তৈরি না করে যেখানে জেটির গুরুত্ব তুলনামূলকভাবে অনেকক্ষানি কম সেখানে চার চারটি জেটি করা হচ্ছে। পরিকল্পনাবিহীন ভাবে কাজ করার অভিযোগও উঠেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

